অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে কটাক্ষ করে সংসদে যে আলোচনা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। আলোচনায় যেসব অসংসদীয় বক্তব্য উঠে এসেছে, তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হবে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ এ ঘোষণা দেন। ৩ জুন দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে সাংসদ ফজলুল আজিম, শেখ ফজলুল করিম সেলিম ও মজিবুল হক চুন্নু সংসদে বলেন, অধ্যাপক আবু সায়ীদ সাংসদদের চোর-ডাকাত বলেছেন। এতে তাঁদের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। তাঁরা আবদুল্লাহ আবু সায়ীদকে বিশেষ অধিকার কমিটির মাধ্যমে সংসদে তলব করার দাবি জানিয়ে বলেন, বক্তব্যের জন্য তাঁকে সংসদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘গত ৩ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে উদ্ধৃত করে “মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই” শিরোনামে কয়েকটি দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের ওপর ভিত্তি করে একই দিন সংসদে কয়েকজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সম্পর্কে সংসদে বক্তব্য দেন। সদস্যগণ সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করেই সংসদে বক্তব্য রেখেছেন। এ কথা ঠিক যে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদের মর্যাদা রক্ষার নৈতিক দায়িত্ববোধ থেকেই সদস্যগণ এ বিষয়ে কথা বলেছেন এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেছেন।’ আবদুল হামিদ আরও বলেন, ‘এরই মধ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর অবস্থান তুলে ধরেছেন এবং “মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই” এ ধরনের কোনো বক্তব্য দেন নাই বলে উল্লে¬খ করেছেন। তাঁর এই বক্তব্য পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। এ ছাড়া ২ জুন টিআইবি আয়োজিত “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আমরা তরুণ: অর্জন, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনায় টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু সায়ীদের বক্তব্যের অনুলিখন ৪ জুন তারিখে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আমার কাছে পাঠিয়েছেন। সে সঙ্গে এ সম্পর্কিত একটি সিডিও পাঠানো হয়েছে। আমি তাঁর বক্তব্যের অনুলিখন পড়েছি এবং সিডিটি শুনেছি। আমার কাছে প্রতীয়মান হয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদের সঙ্গে তাঁর বক্তব্যের কোনো মিল নেই। তিনি ‘মন্ত্রী-এমপিদের কোনো নীতি নেই’ এ ধরনের বক্তব্যও দেননি।’ অধ্যাপক আবু সায়ীদকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন উল্লেখ করে স্পিকার বলেন, ‘এতে পাঠক বিভ্রান্ত হয়েছেন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণেই সংসদে বিষয়টি আলোচিত হয়েছে। সংবাদের যথার্থতা ও সত্যতা যাচাই না করে যেসব পত্রিকা এ সংবাদটি প্রকাশ করেছে, তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমি আশা করব, ভবিষ্যতে সংশ্লি¬ষ্ট পত্রিকাগুলো দায়িত্বশীলতার পরিচয় দেবে।’স্পিকার আবদুল হামিদ বলেন, ‘গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। তাই দেশ, জনগণ ও গণমাধ্যমের বিকাশের স্বার্থে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল হতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সচেতন হতে হবে। মনে রাখতে হবে ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত যেকোনো সংবাদ জনগণকে বিভ্রান্ত করতে পারে এবং তা দেশ ও জনগণের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে।’ স্পিকার আরও বলেন, ‘গণতন্ত্রের চর্চা ও বিকাশে সংসদ হচ্ছে প্রাণকেন্দ্র। তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে সংসদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে এবং এ লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও দলমত-নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আমি আশা করব, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ ও মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। কখনোই ঢালাওভাবে কোনো মন্তব্য করা সমীচীন নয়। ৩ জুন বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণেই সংসদে অপ্রত্যাশিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কিছু অসংসদীয় কথাবার্তা হয়েছে। এ জন্য আমি জাতীয় সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ দেশের একজন সম্মানিত ব্যক্তি। তাই ওই দিনের আলোচনায় তাঁর সম্পর্কে যে সমস্ত অসংসদীয় শব্দ ব্যবহার হয়েছে তা এক্সপাঞ্জ করা হবে।’