অননুমোদিত ডেভেলপারদের রিহ্যাব মেলায় অংশ না নেওয়ার নির্দেশ
রাজউকের অননুমোদিত আবাসন প্রকল্প ও ডেভেলপার যাতে রিহ্যাব মেলায় অংশ না নিতে পারে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজউক ও রিহ্যাবকে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।অননুমোদিত এসব প্রকল্পের মধ্যে যারা বিজ্ঞাপন প্রচার করছে, সেসব প্রতিষ্ঠানের তালিকা সাত দিনের মধ্যে ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সরবরাহ করতে রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজউকের অননুমোদিত ওই সব প্রতিষ্ঠান, যেগুলো ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে, তাদের তালিকা সাত (৭) দিনের মধ্যে আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, রাজউকের অননুমোদিত প্রতিষ্ঠানগুলোর মেলায় অংশ না নেওয়া ও বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আজ দুপুরে এই রিটটি করেন। রিটের শুনানি নিয়ে আজ বিকেলেই আদালত আদেশ দেন ও রুল জারি করেন।রুলে বলা হয়েছে, রাজউকের অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর মেলায় অংশ নিতে ও বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার (৪) চার সপ্তাহের মধ্যে সরকার, রাজউক, রিহ্যাবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলাটি পরিচালনা করেন।প্রসঙ্গত, আজ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার আগামী ১৯ জুন পর্যন্ত চলবে।