অননুমোদিত নির্মাণ: হাইকোর্টে যমুনা ফিউচার পার্কের রিট খারিজ
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রাজউকের পক্ষে এ এফ এম মেজবাহউদ্দিন এবং যমুনা ফিউচার পার্কের পক্ষে আইনজীবী আহসানুল করিম মামলা পরিচালনা করেন।রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন বলেন, রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। এ আদেশের ফলে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত সাত থেকে ১০ তলা পর্যন্ত ভাঙতে আইনগত আর কোনো বাধা নেই।যমুনা ফিউচার পার্কের আইনজীবী আহসানুল করিম বলেন, আদালত মূল বিষয়বস্তুতে রিটটি খারিজ করে দেননি। রাজউকের কাছে আপিল করার বিধান রয়েছে। যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ আপিল করবে।রাজউক গত ১৩ জানুয়ারি যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে এই নোটিশ দেয়। যমুনা কর্তৃপক্ষ এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জানুয়ারি হাইকোর্টে রিটটি করে।