অননুমোদিত প্রকল্পের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিহ্যাব মেলায় এবারও বিভিন্ন অনুমোদনহীন আবাসন প্রকল্প পসরা সাজিয়েছে। হাইকোর্ট অননুমোদিত আবাসন প্রকল্পের কার্যক্রম ও বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিলেও তা সবাই মানছে না।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) মেলা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে মেলায় ঘুরে অনেক প্রকল্পের স্টল দেখা যায়, যেগুলো অনুমোদন পাওয়া তো দূরের কথা, রাজউকে আবেদন পর্যন্ত করেনি।মেলায় যাতে অবৈধ আবাসন প্রকল্প সুযোগ না পায় এবং কেউ অবৈধ প্লট বিক্রি করতে না পারে, তা নজরদারির জন্য মেলাস্থলের পেছনে রাজউকের একটি স্টল বসেছে। রাজউক কাল ৩০টির বেশি অননুমোদিত প্রকল্প চিহ্নিত করে এগুলোর তালিকা রিহ্যাবকে দিয়েছে। তবে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি।রাজউকের বোর্ড সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, রাজউক বড়জোর অবৈধ প্রকল্পের বিরুদ্ধে মামলা করতে পারে। সম্প্রতি রাজউকের সঙ্গে এক বৈঠকে রিহ্যাবের প্রতিনিধিরা জানান, মেলায় কোনো অবৈধ প্রকল্পের প্লট বিক্রি করতে দেওয়া হবে না।এ সম্পর্কে রিহ্যাবের সভাপতি ঢাকা-৩ আসনের সরকারি দলের সাংসদ নসরুল হামিদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রিহ্যাব নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নয়, নিয়ন্ত্রক হচ্ছে রাজউক। রিহ্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে এবং তা সত্য প্রমাণিত হলে তাহলেই রিহ্যাব সদস্যপদ বাতিল করতে পারে।রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবৈধ দেখলে আপনারা নাম প্রকাশ করে দিন, রাজউক ব্যবস্থা নিক, চাইলে ভেঙে দিক, আমরা সহযোগিতা করব। আমরা আগেই বলেছি, অবৈধ প্রকল্প প্রমাণিত হলে দুই বছরের জন্য মেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।’অনুমোদনহীন প্রকল্প: গতকাল রাজউকের একাধিক প্রতিনিধি বিভিন্ন স্টল ঘুরে বিভিন্ন আবাসন কোম্পানির কাগজপত্র ও প্রচারপত্র সংগ্রহ করেন। সেগুলোর ভিত্তিতে রাজউকের প্রতিনিধিরা অনুমোদনহীন প্রকল্পের নাম প্রকাশ করেন। রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম জানান, গত রাতে প্রাথমিকভাবে ২৭টি কোম্পানির ৩০টির বেশি প্রকল্প চিহ্নিত করে রিহ্যাবের সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হয়েছে।প্রকল্পগুলো হলো: সোনারগাঁও রিভারভিউ প্রকল্প, মিরপুর চিড়িয়াখানার কাছে নাসিম সিটি, উদয়ন পূর্বাচল সিটি, বাড্ডা যমুনা ফিউচার পার্কসংলগ্ন কপোতাক্ষ গ্রীন সিটি, পূর্বাচল গার্ডেন সিটি, কেরানীগঞ্জে নিউভিশন সিটি, আটিপাড়ায় নিউভিশন ইকো সিটি, প্রবাসী পল্লী রিভারভিউ, কপোতাক্ষ গ্রীন সিটি, পূর্বাচল রাজ ভ্যালি সিটি, প্রবাসী পল্লী স্যাটেলাইট টাউন, প্রবাসী পল্লী উত্তরা, সোনারগাঁও রিভারভিউ, পূর্বাচল ইস্ট উড সিটি, মেট্রো প্রপার্টিজ লিমিটেডের স্প্রিং টাউন, ইউএস-বাংলা লিমিটেডের ইস্ট আমেরিকান সিটি, বাংলাদেশ-আমেরিকান ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইস্ট টাউন, সাউথ টাউন, ইস্ট ওয়েস্ট প্রপার্টি লিমিটেডের বসুন্ধরা বারিধারা আই ব্লক, বসুন্ধরা রিভারভিউ প্রকল্প, অ্যাকচুয়াল নগর, গ্রীন শ্যাডো ভিলেজ, উত্তরণ স্যাটেলাইট সিটি, উত্তরণ আবাসিক প্রকল্প, পূর্বাচল গার্ডেন সিটি, হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের বসুমতী আবাসিক প্রকল্প, পূর্বাচল আনন্দ সিটি, উদয়ন পূর্বাচল সিটি, বসুকুঞ্জ আবাসিক প্রকল্প, হলুয়া রয়েল সিটি, পূর্বাচল প্যারাগন সিটি, নিউ ঢাকা সিটি, দখিনা সিটি ও পূর্বাচল লোটাস সিটি।রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, এ তালিকা জমা দেওয়ার পর আরও কয়েকটি অনুমোদনহীন প্রকল্প খুঁজে পাওয়া যায়, আজ সেগুলো রিহ্যাবকে দেওয়া হবে। এ ছাড়া অনেক প্রকল্প রাজউক এলাকার বাইরে বলে দাবি করা হচ্ছে। কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজ দেখালে রাজউক তাদের ব্যবসা করতে বাধা দেবে না।তালিকাভুক্ত বিভিন্ন প্রকল্পের বিষয়ে কয়েকটি কোম্পানির সঙ্গে কথা বললে তারা নিজেদের প্রকল্পকে বৈধ বলে দাবি করেন। সোনারগাঁ রিভারভিউ প্রকল্প সম্পর্কে ওয়াইইএস গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, দেড় শ বিঘা জায়গা নিয়ে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় উপজেলার অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্টলের কর্মীরা জানান, বারিধারা প্রকল্প অনুমোদিত, রিভারভিউ প্রকল্পও অবৈধ নয়।কেরানীগঞ্জে অবস্থিত সাউথ টাউন প্রকল্প সম্পর্কে বিডিসিএলের একজন কর্মকর্তা জানান, রাজউকের কাছে আবেদন করা হয়েছে। দখিনা সিটি সম্পর্কে দখিনা রিয়েল এস্টেটের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা বলেন, ৯০০ বিঘা জমিতে তাঁদের সাড়ে চার হাজার প্লটের প্রকল্প। কোম্পানির নিবন্ধন হয়েছে। প্রকল্পও অনুমোদন পাবে।