অননুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে কতিপয় প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে ব্যাংক-ব্যবসা করছে বলে উল্লেখ করা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের নাম বলা হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কতিপয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংক-ব্যবসার অনুরূপ ব্যবসা করছে। এ ধরনের প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চহারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক উচ্চহারে মুনাফার লোভে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’কয়েক দিন ধরে বিভিন্ন পত্রিকায় ডেসটিনির অবৈধ ব্যাংকিং কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। এ কারণেই বাংলাদেশ ব্যাংক গতকাল বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বলে জানা গেছে।