অনন্ত দাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা আদ্দিকালে যখনই বঙ্গোপসাগরে লীন হয়েছে, তখনই নদীগুলোর মোহনায় সৃষ্টি হয়েছে প্যারাবন। মোহনা আস্তে আস্তে দক্ষিণ দিকে সরে এসেছে। বনের নাম হয়েছে কালীকবন, বাদা, সুন্দরবন। সুন্দরবনের বর্তমান অবস্থানের বয়স তিন হাজার বছরের বেশি হবে না। কিন্তু ওই সময়ের আগেও সুন্দরবন ছিল। সেটা ছিল আরও উত্তরে।এর অর্থ দাঁড়াচ্ছে, বাঙালি জাতিসত্তা বিকাশের সঙ্গে সুন্দরবন ওতপ্রোতভাবে জড়িত। ১৯৯৭ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য এলাকা হয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আর একবার স্থান দিয়েছে। বর্তমানে বাঘের সবচেয়ে ঘনবসতির এলাকা হিসেবে সুন্দরবন বিশ্বে স্থান করে নিয়েছে। বাংলাদেশের সুন্দরবনের উপস্থিতি বঙ্গোপসাগরের শীর্ষবিন্দুতে। এখনকার মোহনার এলাকার সামুদ্রিক মহীপালের গভীরতা অত্যন্ত কম। দূর আন্দামান সাগরে এপ্রিল থেকে নভেম্বর—এই সাত মাসের মধ্যে প্রায়ই নিম্নচাপের সৃষ্টি হয়। এই ঘূর্ণি হাওয়া জোরদার হয়ে উত্তরমুখী ধেয়ে আসে। এদের দু-তিনটি গতি বদলে কখনো পশ্চিমে তামিলনাড়ু বা উড়িষ্যায়, আবার কখনো পূর্বমুখী হয়ে মিয়ানমারে আঘাত হানে। কিন্তু অধিকাংশই সোজা উত্তরমুখী হয়ে বাংলার উপকূলে আঘাত হানে। উপকূল অগভীর বলে জলের তোড় ফুলে-ফেঁপে ওঠে। ফলে জোরদার ঝড় হলে বাতাসের গতিবেগ হয় ঘণ্টায় ২০০ কিলোমিটার, আর প্রায় মোহনার ব-দ্বীপের উচ্চতা সমুদ্রসমতল থেকে মাত্র দেড়-দুই ফুট উঁচু হওয়ায় জলোচ্ছ্বাসের উচ্চতা কখনো ২০ ফুটও ছাড়িয়ে যায়। হাওয়ার এমন ঘূর্ণায়মান গতি, আর এমন মহাপ্লাবনে এই এলাকায় কোনো স্থলচর প্রাণীর বেঁচে থাকার কথা নয়। কিন্তু এই মহা দুর্যোগকে প্রথম এবং এক নম্বর বাধাদানকারী হচ্ছে সুন্দরবন। হাজার হাজার বছর ধরে ক্লান্তিহীন এই দায়িত্ব পালন করে চলেছে এই বনভূমি। সুন্দরবনই ঝড়ের বিরুদ্ধে একমাত্র ‘শক অ্যাবজরভার’।১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় সুন্দরবন ছিল হতক্লান্ত। ১৯৭০ সালের ১২ নভেম্বরের মহাপ্রলয়ংকরী ঝড়ের ক্ষত তখনো তার সর্বাঙ্গে। সে সময়কার সংবাদপত্রে সুন্দরবনের ভূমিকা তেমনভাবে আসেনি, কারণ শাহবাজপুর (বর্তমান ভোলা), হাতিয়া, মনপুরাসহ বঙ্গোপসাগরের দ্বীপাঞ্চলগুলোতে লাখ লাখ মানুষ, গবাদিপশু মারা যাওয়ায় সমস্ত সংবাদ মাধ্যমের দৃষ্টি ছিল ওই অঞ্চলগুলোয়। কিন্তু স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাঙালির চিরকালীন অস্তিত্ব রক্ষাকারী সুন্দরবন তার আশ্রয়ের হাত বাড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের যোদ্ধাদলের আশ্রয় ও ট্রেনিং গ্রহণের স্থান হয়ে ওঠে সুন্দরবনের দুর্গম জলাজঙ্গল। তৎকালীন লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত মেজর) জিয়াউদ্দিনের নেতৃত্বে এই যোদ্ধাদল পিরোজপুর, বাগেরহাট, খুলনা এলাকায় পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দালালদের নাভিশ্বাস উঠিয়ে ফেলেছিল। পরে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি যোদ্ধারা যে মংলাবন্দর অচল করে দিয়েছিলেন তাঁদেরও আশ্রয় দিয়েছিল বনপ্রান্তের জনসাধারণ। গাবুরার একমাত্র সোহরাব হাজী ছাড়া বনপ্রান্তে প্রভাবশালী কোনো রাজাকার ছিল না।অনাদিকাল থেকে গাছ, মাছ, গোলপাতার ছাউনি জুুগিয়ে দক্ষিণ বাংলার জনগণের আয়ের প্রধান উৎস হয়ে আছে সুন্দরবন। স্বাধীনতার আগে এই এলাকা ছিল একফসলি ধানের জমি। একফসলি জমিতেই যে ধান উৎপন্ন হতো, তাতে এলাকার চাহিদা মিটিয়েও আশপাশের জেলাগুলোর চাহিদাও অনেকটা মেটাতে পারত। ধানের মৌসুমে আশপাশের জেলার বেকার কৃষিজীবীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করত। স্বাধীনতার পর কোনো এলাকা তিনফসলি হয়ে উঠেছিল। কিন্তু ১৯৮৪ সাল থেকে বহিরাগত চিংড়িচাষিরা জমি লিজ নিয়ে এলাকার পরিবেশ ও আর্থসামাজিক কাঠামো মারাত্মক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। অবশ্য হিমায়িত চিংড়ি আমাদের জাতীয় আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।দেশের মোট বনভূমির ৫০ শতাংশ এলাকা পড়েছে সুন্দরবনে। এই এলাকার ৭০ শতাংশ ভূমি গাছ আচ্ছাদিত। এমন আর কোনো বন নেই। ফলে সারা দেশের দুটি ফুসফুসের একটি দায়িত্ব একাই পালন করছে সুন্দরবন। আমাদের বিষায়িত বায়ু প্রশ্বাসের উপযোগী করে তুলছে সুন্দরবন। আঞ্চলিক ঝড়বৃষ্টি নিয়ন্ত্রণ, মরুপ্রবণতা কমাতে প্রতিনিয়ত ভূমিকা রাখছে সুন্দরবন।বর্তমান সময়ে কার্বন বিক্রি করে সুন্দরবন জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। সম্ভবত সুন্দরবনে ৭ থেকে ১০ বিলিয়ন টন কার্বন নির্গমন হয়। এর পরিমাণ যথার্থ নিরূপণ করাটা আমাদের বিজ্ঞানীদের জাতীয় কর্তব্য। না হলে তেল-গ্যাস বিক্রির মতো শুভংকরের ফাঁকিতে পড়ে যাবে দেশ। বঞ্চিত হবে অনন্ত দাতা সুন্দরবন।আমাদের জাতীয় সৌভাগ্য যে সুন্দরবন প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় প্রাথমিক নির্বাচিত হয়ে চূড়ান্ত নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচন হবে স্বাধীন দেশের এক গৌরবোজ্জ্বল অর্জন। খসরু চৌধুরী: সুন্দরবন বিশেষজ্ঞ।