অনন্যা বিশেষ সম্মাননা পেলেন ১০ কৃতী নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০ প্রবীণ কৃতী নারী পেলেন ২০১২ সালের অনন্যা বিশেষ সম্মাননা পদক। কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মাননা জানানো এবং আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপনের জন্যই এ আয়োজন।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাওয়া নারীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গণমাধ্যমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সেতারা মূসা। অসুস্থ বলে তিনি মঞ্চে উপস্থিত হন হুইলচেয়ারে। প্রধান অতিথি তাঁর কাছে গিয়ে ক্রেস্টটি তুলে দেন।এবার ছিল পাক্ষিক অনন্যার বিশেষ সম্মাননা প্রদানের চতুর্থ আয়োজন। উপাচার্য বলেন, সমাজের নানা পর্যায়ের প্রতিবন্ধকতা অতিক্রম করা এই নারীদের সম্মাননা জানানো একটি প্রশংসনীয় উদ্যোগ। পৃথিবীর ৭০০ কোটি জনসংখ্যার মধ্যে অর্ধেক নারী। এই নারীরা পৃথিবীর এক শতাংশ স্থাবর সম্পত্তির মালিক। এই বৈষম্য সমাজ আরোপিত। এ থেকেই বোঝা যায়, নারীরা কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরীন বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় একই কাজের জন্য পুরুষের চেয়ে বহুগুণ বেশি কাজ করে নারীকে সেই বিশেষ সম্মান অর্জন করতে হয়। অন্ধকার তাড়ানো, জগদ্দল পাথর সরানো এই ১০ নারী ব্যক্তিগত জীবনে আমার সামনে ছিলেন আলোকবর্তিকা, উদাহরণ, সাহস ও প্রেরণার উত্স।’অনুভূতি জানাতে গিয়ে সমাজ ও উন্নয়নে বিশেষ অবদান রাখা সম্মাননা পাওয়া লতিফা আকন্দ বলেন, ‘আমি এই বয়সে এসেও সম্মাননা পেতে পারি, নিজের সব কাজ নিজে করতে পারি, তা অন্যদের জন্য অবশ্যই অনুপ্রেরণা সৃষ্টি করবে।’উন্নয়ন ও গবেষণায় জওশন আরা রহমান, অর্থনীতি ও গবেষণায় খালেদা সালাহউদ্দিন, সমাজকল্যাণে সেলিনা খালেক, শিক্ষা ও সমাজকর্মে রোকেয়া মান্নান, শিক্ষা ও সংগঠনে সৈয়দা শামসে আরা হোসেন, সাংবাদিকতায় বেবী মওদুদ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগঠন গঠনে জিনাত আরা ভূঁইয়া এবং খেলাধুলায় জিনাত আহমেদ সম্মাননা পেয়েছেন। গতকাল রোকেয়া মান্নান, খালেদা সালাহউদ্দিন ও বেবী মওদুদ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতি অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন বলেন, সম্মাননা পাওয়া কৃতী নারীরা দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রেখেছেন এবং এখনো রাখছেন। আগামী প্রজন্মকে বিষয়টি জানানোর জন্যই এ আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা। অন্যান্য এ আয়োজনের পাশাপাশি বিশ্ব নারী দিবস সামনে রেখে ১৯৯৩ সাল থেকে গত বছর পর্যন্ত ‘অনন্যা শীর্ষ দশ’ বিজয়ীদের ছবির প্রদর্শনীর আয়োজন করে। প্রধান অতিথি এ প্রদর্শনীরও উদ্বোধন করেন।