পুরস্কার প্রদানের অনুষ্ঠান হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর শুধু পদক দেওয়া-নেওয়ার মধ্যেই সীমাবন্ধ ছিল না। নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ আয়োজনটি পরিণত হয়েছিল গুণী ব্যক্তিত্বদের মিলনমেলায়। প্রাণবন্ত এ আয়োজনে নারীনেত্রী প্রাবন্ধিক ও গবেষক মালেকা বেগমের হাতে অনন্যা সাহিত্য ১৪১৮ পুরস্কার তুলে দেন তাঁরই শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান। নারী অধিকার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সাহিত্যকর্মের মাধ্যমে অবদান রাখার জন্য শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মালেকা বেগমকে অনন্যা সাহিত্য পুরস্কার দেওয়া হয়।বিকেলে নির্ধারিত সময়ের আগেই অতিথিরা অনুষ্ঠানে এসে পৌঁছান। সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে ভরে ওঠে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন। নির্ধারিত সময় ঠিক চারটায় শুরু হয় অনুষ্ঠান। পাক্ষিক অন্যান্য সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভারতের আইসিসিআরএর সহ-সভানেত্রী অধ্যাপক ভারতী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। স্বাগত বক্তব্য দেনঅনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক কাজী মদিনা।শুরুতে অনন্যার পক্ষ থেকে মালেকা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর পুরস্কারের স্মারক হিসাবে তাঁর হাতে একটি ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মালেকা বেগম জানান, তাঁর পিএইচডি গবেষণা করার স্বপ্ন পূরণ হয়েছে ২০০৪ সালে। ‘বাংলা সাহিত্যে যৌতুকের প্রতিফলন’ শিরোনামে অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে এই গবেষণা করেন। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে তাঁর হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য হলো। আমি আপ্লুত এই সৌভাগ্যে।’পুরস্কারের অর্থ ঢাকা বিশ্ববিদ্যলয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের প্রতিষ্ঠাতা অধ্যাপক নাজমা চৌধুরীর সম্মানে ‘রোকেয়া চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠার সূচনা করার জন্য দান করেন। বিভাগের শিক্ষক আয়েশা বানু চেকটি গ্রহণ করেন।ভারতী রায়ের সরস বক্তৃতায় যেমন উঠে আসে মালেকা বেগমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়ের বিভিন্ন স্মৃতি, তেমনি তিনি বলেছেন, যুগে যুগে নারীদের প্রতি অবহেলা, উদাসীনতার পাশাপাশি সব বাধা পেরিয়ে সাহিত্যাঙ্গনে নারীর বিশেষ অবদানের কথা। তিনি এই অনুষ্ঠানটিকে দুটি কারণে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন, ‘প্রথমত বিষয়টির সঙ্গে অনন্যা এবং দ্বিতীয়ত মালেকা বেগম জড়িয়ে আছে’। তিনি বলেন, ‘মালেকা বেগম সব্যসাচীর মতো লিখে গেছেন নারী জাগরণ এবং নারীর অবদানের কথা। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সাহিত্য-সংস্কৃতিতে মালেকা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার প্রথম লেখা ছিল ভাষা নিয়ে, এরপর নারী মুক্তি, নেতা-নেত্রীদের নিয়ে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। তার উৎসাহের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। এটি মালেকা বেগমের অন্যতম একটি বৈশিষ্ট।’তাসমিমা হোসেন বলেন, ‘মালেকা বেগম ছাত্ররাজনীতি ও মহিলা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর কাজ আমাকে প্রেরণা দিয়েছে।’ অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘তাঁর লেখায় শব্দ ব্যবহার থেকে শুরু করে জেন্ডার দৃষ্টিভঙ্গিতে সমতা ঘটেছে। নারী অধিকারের পাশাপাশি সামাজিক অধিকারের কথাও বলেছেন।’বাংলা ১৪০১ সন থেকে প্রতিবছর পাক্ষিক অনন্যা বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন নারী লেখক কিংবা গবেষককে সাহিত্য পুরস্কার দিচ্ছে।