অনলাইন ভর্তিপদ্ধতি স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অনলাইন ভর্তির পদ্ধতি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনবে। এতে প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে।’আজ শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাস ও সিরামিকস ইনস্টিটিউটে পলিটেকনিকের ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্ম সচিব কে মোজাম্মেল হক ও কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নিতাই চন্দ্র সূত্রধর উপস্থিত ছিলেন।আজ প্রথমবারের মতো অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশপত্র বিতরণ ও ওএমআর শিটের মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১০-১১ সেশনের ভর্তি পরীক্ষায় দেশের ৪৯টি পলিটেকনিক ও ৩২টি টেকনোলজিতে ৫৩ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন। তাঁদের মধ্যে থেকে ১০ হাজার ১৬০ জনকে নির্বাচিত করা হবে। মেধা ও কোটার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে।দেশের যেকোনো স্থান থেকে নির্বাচিত প্রার্থীরা অনলাইনে ভর্তি হতে পারবেন। শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যবস্থার ফলে কারিগরি শিক্ষা খাতে ডিজিটাল পরিবর্তনের এক মাইলফলকের সৃষ্টি হলো। তা ছাড়া যোগ্য ও মেধাবীরা এভাবে ভর্তি হওয়ার সুযোগ পেলে প্রতিষ্ঠানের অনিয়ম দূর হবে।প্রসঙ্গত, ২৯ জুলাই অনলাইনেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।এবার আবেদনকারীরা একসঙ্গে একাধিক প্রতিষ্ঠানের ১০টি টেকনোলজি পছন্দ করার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, এসএসসি পাস করার পরেই শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হয়।