অনলাইনে পাওয়া যাবে বিমানের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস অনলাইনে টিকিট বুকিং চালু করেছে। যাত্রীরা এখন থেকে www.biman-airlines.com ওয়েবসাইটে লগ-ইন করে টিকিট বুকিং ও বুকিং নিশ্চিত করতে পারবেন। এ ছাড়া এ ওয়েবসাইটে ফ্লাইট-সম্পর্কিত যাবতীয় তথ্যও পাওয়া যাবে। তবে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের বিমানের কার্যালয়ে যেতে হবে। আজ সোমবার কুর্মিটোলায় বলাকা ভবনে এ কার্যক্রম উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর (অব.) জাকিউল ইসলাম। একই সঙ্গে বিমানের নতুন ওয়েবসাইটও উদ্বোধন করেন তিনি।জাকিউল ইসলাম বলেন, অনলাইনে বুকিং দেওয়ার পর বুকিংয়ের প্রিন্ট কপি অথবা বুকিং নম্বর নিয়ে বিমানের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট সংগ্রহ না করলে বুকিং বাতিল হয়ে যাবে। আগামী দুই মাসের মধ্যে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহের ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।বর্তমানে বিমানের নিজস্ব ৩৬টি টিকিট বিক্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে আটটি বাংলাদেশে এবং ২৮টি বিদেশে। এ ছাড়া প্রায় এক হাজার এজেন্টের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিট বিক্রি করে থাকে।