অনলাইনে পূজার অঞ্জলি!
অনলাইনে দুর্গাপূজার অঞ্জলি, ভাবা যায়! হ্যাঁ, এবার তা-ই হতে যাচ্ছে কলকাতায়। প্রবাসী ভারতীয়রা তাঁদের পছন্দের মণ্ডপের দেবী দুর্গাকে এবার অনলাইনে অঞ্জলি দিতে পারবেন। এতদিন ফোনের বিল দেওয়া, ট্রেন ও বিমানের টিকিট, হোটেল বুকিং, শপিং ইত্যাদি অনলাইনে করা যেত। এবার অনলাইনে সংযুক্ত হলো পূজার অঞ্জলি প্রদান। কলকাতায় এই উদ্যোগ নিয়েছে গুপ্তপ্রেস পঞ্জিকা।গুপ্তপ্রেস পঞ্জিকার কর্ণধার অরিজিত্ রায় চৌধুরী বলেন, প্রবাসী ভারতীয়রা বারবার অনলাইনে তাদের পছন্দের মণ্ডপে অঞ্জলি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাই এবারই প্রথম তারা অনলাইনে অঞ্জলি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দুবাই প্রভৃতি দেশের বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় তাঁদের নাম নথিভুক্ত করেছে। এ লক্ষ্যে তাঁরা কলকাতার নামীদামি ও বনেদি পূজার একটি তালিকা প্রস্তুত করেছে। ওই তালিকায় থাকা পছন্দের যেকোনো পূজামণ্ডপে দেবী দুর্গার চরণে অনলাইনে অঞ্জলি দিতে পারবেন। এ জন্য ২০১ ও ৪০১ রুপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পরই গুপ্তপ্রেস পঞ্জিকা গোষ্ঠীর নিয়োজিত পুরোহিত মন্দিরে গিয়ে অনলাইনে অঞ্জলি দেবেন ওই ভক্তের নামে। তারপর অঞ্জলি দেওয়ার ছবিও পাঠিয়ে দেওয়া হবে ওই ভক্তের কাছে।