অনলাইনে বেশি সঙ্গী খোঁজেন ব্রিটিশরা
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য ইংল্যান্ডের নীতিনির্ধারকরা কী পরিকল্পনা করছেন সেটা স্পষ্ট জানা না গেলেও একটি ক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে ব্রিটিশরা। সম্প্রতি অনলাইনে সঙ্গী বা বন্ধু খোঁজার ব্যবসায় বিশাল সাফল্য অর্জন করেছে ইংল্যান্ড। গত বছরে প্রায় ১৭ কোটি পাউন্ডের ব্যবসা হয়েছে অনলাইন ডেটিং সাইটগুলো থেকে। সঠিক জীবনসঙ্গী বা শয্যাসঙ্গী খোঁজার জন্য এখন প্রতি বছর ইন্টারনেটে ঢুঁ মারছেন প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক।যুক্তরাজ্যে ২০০০ সাল থেকে শুরু হয়েছিল ইন্টারনেটে বন্ধু খোঁজার ব্যবসা। ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দিয়ে সেসময় অনলাইনে বন্ধু বা শয্যাসঙ্গী খুঁজতেন প্রায় এক লাখ মানুষ। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখেরও বেশি। মেটাফ্লেক নামে একটি প্রতিষ্ঠানের গবেষণা অনুযায়ী, এদের মধ্যে দুই-তৃতীয়াংশ ব্রিটিশ নাগরিক ‘ম্যাচ’ বা ‘ই-হারমোনি’ ধরনের মূলধারার ডেটিং সাইটগুলোতে সঙ্গী খোঁজেন। আর প্রায় ২৮ লাখ মানুষ যৌন কামনা মেটানোর তাগিদে যান ঢুঁ মারেন অনেক সাইটে। ইউরোপজুড়ে এ ধরনের ডেটিং ওয়েবসাইট আছে প্রায় পাঁচ হাজারটি। এর মধ্যে দেড় হাজারটিই পরিচালিত হয়ে যুক্তরাজ্য থেকে। মেটাফ্লেকের প্রধান নির্বাহী হেনিং উইচার এ প্রসঙ্গে বলেছেন, ‘ব্রিটিশরা অনেক বেশি মুক্তমনা। জার্মানিরা অনেক লাজুক ধরনের।’ অনলাইনে সঙ্গী খোঁজার প্রবণতায় জার্মানিরা আছেন ব্রিটিশদের পরেই। ওয়েবক্যামের মাধ্যমে ডেটিংয়ের প্রবণতাও ব্রিটিশদের সবচেয়ে বেশি বলে জানিয়েছেন উইচার।আগামী বছরে যুক্তরাজ্যের এই অনলাইন ডেটিং মার্কেট আরও প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত স্মার্টফোনের তড়িত্ উত্থান এই সম্ভাবনা আরও জোরদার করেছে। বর্তমানে ইংল্যান্ডে প্রায় ৩০ শতাংশ সম্পর্ক গড়ে উঠছে ইন্টারনেটের এই ডেটিং সাইটগুলোর মাধ্যমে। তবে এইসব সম্পর্কের স্থায়িত্ব কেমন হবে সেটা নিয়েও সংশয় রয়েছে। কারণ গবেষণায় দেখা গেছে যে, ডেটিং সাইটগুলোতে যারা নতুন সম্পর্ক গড়তে চান, তাদের অনেকেই আগে থেকে একটি সম্পর্কে জড়িয়ে আছেন।