অনশন করছেন আন্দোলনরত তিন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত তিন শিক্ষক। তাঁরা হলেন সিনেট সদস্য অধ্যাপক পৃথ্বিলা নাজনীন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক মো. ফজলুল করিম পাটোয়ারি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এই অনশন কর্মসূচি পালন করছেন।মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে আজও আন্দোলন করছেন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিক্ষকদের কর্মসূচির কারণে গত রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে আন্দোলনকারী শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগের ক্লাসও হচ্ছে না।পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. হানিফ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অনশন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’