অনশন করে জনগণের অর্থ নষ্ট করছেন মোদি: কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক দল কংগ্রেস বলেছে, অনশন নাটক করার মাধ্যমে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের অর্থ নষ্ট করছেন। বিজেপি যদি তাঁকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়, তবে তা হবে ধ্বংসাত্মক। গুজরাটের ভারপ্রাপ্ত সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহন প্রকাশ পিটিআইকে এসব কথা বলেছেন।মোহন প্রকাশ অভিযোগ করেন, নরেন্দ্র মোদি অনশন করে তাঁর অতীত অপরাধ মুছে ফেলতে চান। তিনি মোদির বিরুদ্ধে অনশনের ধারণাকে কলুষিত করার অভিযোগ এনে বলেন, মোদি অনশনের নাটক করে বিজয় উদযাপন করছেন।সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে গতকাল শনিবার থেকে তিন দিনের ‘সদ্ভাবনা’ উপবাস শুরু করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্লেষকেরা বলছেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা।২০০২ সালে গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনায় হিন্দু তীর্থযাত্রীদের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার জন্য মুখ্যমন্ত্রী নরেন্দ্রর মোদির নিষ্ক্রিয়তা দায়ী করা হয়। তবে এই অভিযোগে বিচার থেকে চলতি সপ্তাহে সুপ্রিম কোর্ট তাঁকে অব্যাহতি দেওয়ায় তিনি বিরাট স্বস্তি পেয়েছেন। সুপ্রিম কোর্টের এ আদেশকে বিজেপি ও মোদি তাঁদের বিজয় বলে অভিহিত করেন।