অনশন ভাঙলেন আন্না হাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী আন্না হাজারে গতকাল রোববার তাঁর হাজারো উল্লসিত সমর্থকের সামনে অনশন ভেঙেছেন। দুর্নীতি রোধে কঠোর আইনের দাবিতে ১৩ দিন ধরে নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশন করে আসছিলেন তিনি।ভারতের পার্লামেন্ট গত শনিবার আন্না হাজারের তিনটি দাবি মেনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর অনশন ভাঙলেন ৭৪ বছর বয়সী এই গান্ধীবাদী সমাজকর্মী।পার্লামেন্ট হাজারের যে তিনটি দাবি মেনে নিয়েছে সেগুলো হলো—এক. কেন্দ্র ও রাজ্য পর্যায়ে লোকপাল প্রবর্তন, দুই. কনিষ্ঠ সরকারি আমলারা এর জবাবদিহির আওতায় থাকবেন, তিন. সব সরকারি দপ্তরের সামনে ওই দপ্তরের দায়িত্ব উল্লেখ করে ‘সিটিজেন চার্টার’ টাঙানো থাকবে। সকাল ১০টা ২০ মিনিটে রামলীলা ময়দানে স্থাপিত মঞ্চে সিমরান ও ইকরাহ নামের দুটি মেয়েশিশুর হাতে মধুমিশ্রিত কচি ডাবের পানি খেয়ে ২৮৮ ঘণ্টার অনশন ভাঙেন হাজারে। ১৬ আগস্ট হাজারে অনশন শুরু করেন।রামলীলা ময়দানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর আন্না হাজারে প্রখ্যাত হূদেরাগ বিশেষজ্ঞ নরেশ ত্রিহান পরিচালিত একটি হাসপাতালে যান। তিনি সেখানে দুই-তিন দিন থাকতে পারেন।রামলীলা ময়দানে তুমুল করতালির মধ্যে সমর্থকদের উদ্দেশে হাজারে বলেন, ‘আমি আন্দোলন স্থগিত করেছি মাত্র। আমি যেসব পরিবর্তন চেয়েছি, তার সব অর্জিত না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না।’ এ সময় হাজারের হাজারো সমর্থক জাতীয় পতাকা নেড়ে উল্লাস প্রকাশ করেন। তাঁরা ‘আন্না হাজারে জিন্দাবাদ’সহ নানা ধরনের স্লোগান দেন।এ সময় হাজারের পাশে ছিলেন তাঁর সহযোগী শান্তি ভূষণ, প্রশান্ত ভূষণ, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি ও মনীষ সিসোদিয়া।আন্না হাজারে বলেন, পার্লামেন্টে শনিবারের অর্জন ভারতের জনগণ, গণতন্ত্র ও রামলীলা ময়দানে সমবেত জনতার বিজয়।‘দিল্লির পার্লামেন্টের’ চেয়ে জনতার পার্লামেন্ট বড়—নিজের এ বক্তব্য বজায় রেখে হাজারে বলেন, এ কারণে পার্লামেন্টকে জনতার পার্লামেন্টের কথা শুনতে হয়। তিনি বলেন, এ আন্দোলন এ বিশ্বাসের সৃষ্টি করেছে যে দেশ দুর্নীতির হাত থেকে নিষ্কৃতি পেতে পারে।আন্না হাজারে বলেন, এটা গৌরবের বিষয় যে কোনো ধরনের সহিংসতা ছাড়াই এ ধরনের একটি বড় গণ-আন্দোলন শেষ হয়েছে। তিনি বলেন, তাঁরা বিশ্বের সামনে এ শিক্ষা তুলে ধরেছেন যে কীভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হয়।আন্না হাজারে বলেন, দেশ এ মুহূর্তে গর্ববোধ করতে পারে। ১৩ দিনের আন্দোলন ফলপ্রসূ হয়েছে।আন্না হাজারের স্বাস্থ্য ভালো বলে মনে হয়েছে। যদিও অনশনে তিনি সাড়ে সাত কেজি ওজন হারিয়েছেন।আন্না হাজারে তাঁর ভাষণে নিজের ভবিষ্যৎ কর্মসূচির কথাও তুলে ধরেছেন।ভবিষ্যতে নির্বাচন ও শিক্ষা পদ্ধতির সংস্কার, কৃষক ও শ্রমিকদের মঙ্গলের জন্য কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন হাজারে।আন্না হাজারে বলেন, নির্বাচনী পদ্ধতির পরিবর্তন করতে হবে। ব্যালট পেপারের মাধ্যমে কোনো প্রার্থীকে প্রত্যাখ্যান করার অধিকার থাকা উচিত। তিনি বলেন, যদি সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকেই পছন্দ না করেন, তাহলে নির্বাচন বাতিল করতে হবে। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।