অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের কর্মীরা আজ শনিবার তাঁদের অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন। বিকেল সোয়া চারটার দিকে সাংসদ সারাহ বেগম কবরী ফলের রস খাইয়ে তাঁদের অনশন ভাঙান।সারাহ বেগম কবরী জানান, উপাচার্য শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের যে অভিযোগ, তা সরকার খতিয়ে দেখবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তাতে তাঁরা আশ্বস্ত হয়েছেন বলে জানান কবরী। সাংসদ কবরী আরও দাবি করেন, এর পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙান।এদিকে সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সাংসদ কবরী পুনরায় আশ্বাস দেওয়ায় আমরা অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে অনশন শুরু করেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষকদের আশ্বাস দেওয়ার পর দুজন শিক্ষক অনশন প্রত্যাহার করেন। তবে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের প্রতি আস্থা রেখে আচার্যের সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা অনশন অব্যাহত রাখেন। আটজন সাংস্কৃতিক কর্মী উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে অনশন-মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছিলেন। আজ তাঁরাও অনশন প্রত্যাহার করলেন।