অনশন ভেঙেছেন মাহমুদুর, বৃহস্পতিবার গণ-অনশন
মা মাহমুদা বেগমের হাতে পানি পান করে অনশন ভাঙলেন ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন মাহমুদুর রহমানকে পানি পান করেন তিনি।পারিবারিক সূত্র জানায়, ছেলের অনশন ভাঙাতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ সাংবাদিক, পেশাজীবীদের পক্ষ থেকে অনুরোধ নিয়ে যান মাহমুদা বেগম। এরপর মাহমুদুর অনশন ভাঙেন। পরে মাহমুদুর রহমানের মা হাসপাতালের নিচে সাংবাদিকদের বলেন, ‘মাহমুদুর রহমান বলেছেন, ইসলামে আমরণ অনশন বৈধ নয়। কিন্তু বন্দী অবস্থায় প্রতিবাদ জানানোর জন্য না খেয়ে থাকা ছাড়া আর কোনো শক্তি ছিল না।’এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমীন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে একাংশের) সভাপতি রুহুল আমীন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। মায়ের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ‘আমার দেশে’র ছাপাখানার তালা খুলে দেওয়া ও ছাপাখানার ১৬ কর্মচারীর মুক্তির দাবিতে ১৫ এপ্রিল থেকে মাহমুদুর রহমান অনশন করেন।এদিকে বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মাহমুদুর রহমানকে অনশন ভাঙার অনুরোধ জানান আল্লামা আহমদ শফী। তিনি বলেন, ‘ইসলামে অনশনের বিধান নেই। এটি আত্মহত্যার শামিল।’এর আগে মাহমুদুর রহমানের উদ্দেশে লেখা একটি চিঠিতেও অনশন ভাঙার অনুরোধ করেন আহমদ শফী। আজ সাংবাদিক সমাবেশে চিঠিটি পড়ে শোনান ‘আমার দেশ’-এর বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। বৃহস্পতিবার গণ-অনশনজাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশ থেকে ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানার তালা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার গণ-অনশনের কর্মসূচি দেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।এ ছাড়া আগামী মঙ্গল ও বুধবার একই জায়গায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী এ কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।