অনশনে অনড় আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে কারাগারের ভেতরেই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শর্ত সাপেক্ষে সরকার তাঁকে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্ত নিলেও তিনি তা নাকচ করে কারাগার ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আন্না হাজারের এক সহযোগী জানিয়েছেন, তাঁদের নেতাকে নয়াদিল্লির জেপি পার্কে আমরণ অনশন করার অনুমতি দিলেই তিনি কারাগার ত্যাগ করবেন। বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ আন্না হাজারেকে তাঁর ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে। দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নয়াদিল্লির জেপি পার্কে গতকাল থেকে হাজারের অনশন শুরুর কথা ছিল। কিন্তু সোমবার দিল্লি পুলিশ এ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে।এদিকে গতকাল রাতভর আন্না হাজারের শত শত ভক্ত ও সমর্থক তিহার কারাগারের বাইরে সমবেত হয়ে বিক্ষোভ করেছে। আজ বুধবার সকালে কিরণ বেদিসহ আরও অনেকেই তিহার কারাগারের সামনে চলতে থাকা বিক্ষোভে যোগ দিয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, তারাও আন্নার সমর্থনে বিক্ষোভে যোগ দেবেন। দেশটির অটোরিকশা চালকেরাও দুর্নীতির বিরুদ্ধে ধর্মঘটে গেছেন। পরিস্থিতি মোকাবিলার কৌশল নির্ধারণ করতে আজ বুধবার সকালে ক্ষমতাসীন কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ছাড়া কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ বুধবার লোকসভায় আন্না হাজারের গ্রেপ্তার বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আন্নার অনশন কর্মসূচি বিভ্রান্তিমূলক।আন্না হাজারের গ্রেপ্তারের প্রতিবাদে যোগগুরু বাবা রাম দেব আজ বুধবার প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের কাছে স্মারকলিপি দেবেন। এরপর তিনি তিহার কারাগারে আন্না হাজারের সঙ্গে দেখা করতে যাবেন বলে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন।