অনশনে পুলিশের বাধা, স্থান বদল বিনিয়োগকারীদের
আমরণ অনশনরত বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে সরে যেতে বাধ্য হলেন। পুঁজিবাজারের স্থিতিশীলতার দাবিতে ডিএসইর সামনে আগের দিন সকাল থেকে অনশন শুরু করেন তাঁরা। অনশনকারীরা জানান, রাতভর অনশন চালালেও গতকাল সোমবার সকালে পুলিশ তাঁদের জোরপূর্বক সরিয়ে দেয়। এ সময় সেখান থেকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরীসহ দুজনকে পুলিশ আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।ডিএসইর সামনে থেকে বিতাড়িত হয়ে আন্দোলনকারীরা দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, বাজার স্থিতিশীল করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে কোনো প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তাঁরা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। প্রেসক্লাবে থাকতে না দিলে জাতীয় শহীদ মিনারে, সেখানেও না হলে হাইকোর্ট চত্বরে গিয়ে হলেও অনশন কর্মসূচি চালাবেন তাঁরা। যদি সেখানেও বাধা দেওয়া হয় তাহলে দেশব্যাপী হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন বিনিয়োগকারীরা। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনিয়োগকারীরা প্রেসক্লাবের ভেতরেই অবস্থান করছিলেন। গতকাল বিনিয়োগকারীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাঁরা শেয়ারবাজারের সংকটের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে অনশন কর্মসূচিতে পুলিশের বাধার নিন্দা জানান।অনশনে বাধা: বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ অভিযোগ করেন, সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ পুলিশ এসে তাঁদের ওপর চড়াও হয়। এ সময় বিনিয়োগকারীরা অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বললে পুলিশ তাঁদের গালিগালাজ করে। একপর্যায়ে পুলিশ সেখানে রাখা চেয়ার ভেঙে ফেলে এবং মাইক ছিনিয়ে নেয়। তার পরও তাঁরা অনশনের স্থান ছাড়তে না চাইলে পুলিশ বেশ কয়েকজন বিনিয়োগকারীকে আটক করে গাড়িতে তোলে। পরে অবশ্য তাঁদের বেশির ভাগকে ছেড়ে দিলেও সিদ্দিকুর রহমান নামের একজন বিনিয়োগকারীসহ ঐক্য পরিষদের সভাপতিকে নিয়ে যায়। বেলা তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার পর থেকেই ডিএসইর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেয়। তাঁরা সেখানে কাউকে জড়ো হতে দেননি। বিভিন্ন ভবনের প্রবেশপথেও ছিল তাঁদের কড়া নজরদারি। এ সময় সাদা পোশাকধারী পুলিশকে পথচারীদের শরীর তল্লাশি করতে দেখা যায়। মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘গতকাল (রোববার) থেকেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনজীবনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমরা তাঁদের এখান থেকে সরে যেতে অনুরোধ করেছি। পরে তাঁরা নিজেরা সরে গেছেন।’ মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিনিয়োগকারীরা নিজেরাই সব সরঞ্জাম সরিয়ে নিয়েছেন। বিনিয়োগকারীরা জানান, পুলিশের বাধার মুখে তাঁরা বাধ্য হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাঁদের বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত না ঘুমিয়ে রাস্তায় শুয়ে-বসে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরেন বিনিয়োগকারীরা। এ সময় বক্তব্যের পাশাপাশি মাঝেমধ্যে গান গেয়ে ও কবিতা আবৃত্তি করে নিজেদের চাঙা রাখেন তাঁরা। ভোরে শতাধিক বিনিয়োগকারী একসঙ্গে ফজরের নামাজ শেষে মোনাজাত করেন। এ সময় বেশ কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। সংবাদ সম্মেলন: সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যে এখন কারও ভরসা নেই। এঁরা মিলে কিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর বাজার দু-এক দিন ভালো হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না। প্রধানমন্ত্রী শেয়ারবাজার নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা পেলে অনশন ভাঙা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহসভাপতি সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহদাতউল্লাহ প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, তাঁদের পেছনে গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে টেলিফোনে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।বিনিয়োগকারীরা দাবি করেন, তাঁদের এই শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। যেসব রাজনৈতিক নেতা কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে এসেছেন, তাঁরা স্বেচ্ছায় এসেছেন। কেউ সংহতি প্রকাশ করতে এলে তো তাড়িয়ে দেওয়া যায় না।