অনশনে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসবেন তাঁরা।এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু আজ বুধবার তোপখানা রোডের বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।সংঘর্ষরাজধানীর সচিবালয় এলাকায় আজ পুলিশের সঙ্গে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের শিক্ষকদের সংঘর্ষ হয়েছে। এমপিওভুক্তির দাবিতে শিক্ষকেরা শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করার সময় এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ বেলা একটার দিকে প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনে যান আন্দোলনরত শিক্ষকেরা। সেখানে পুলিশ ও র্যাবের সদস্যরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলেন। আন্দোলনরত শিক্ষকরা সামনে এগোতে চাইলে পুলিশ তরল কাঁদানে গ্যাস ছিটিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশ ও র্যাবকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এতে শিক্ষকেরা পিছু হটে যান। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে র্যাব ও পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যান।পুলিশের দাবিপুলিশের রমনা জোনের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা গতকালের মতো আজও সহনশীলতার পরিচয় দিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন, তাঁরাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপে বাধ্য হয়েছে। আমাদের ধারণা, এ হামলা জামায়াত করেছে। শিক্ষকদের আচরণ এমন হতে পারে না। শিক্ষকদের প্রতি আমাদের যে দুর্বলতা আছে, সেই সুযোগ কাজে লাগিয়ে জামায়াত এ ঘটনা ঘটিয়েছে।’ সংঘর্ষের ঘটনায় রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমানসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সৈয়দ নুরুল ইসলাম।আন্দোলনকারীদের দাবিগ্যাসের কারণে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশ পরিকল্পিতভাবে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের ওপর আজ হামলা চালিয়েছে। এতে আড়াই শ শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। আজ পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ার ঘটনায় জামায়াত জড়িত বলে পুলিশের অভিযোগ প্রসঙ্গে তাপস কুমার কুণ্ডু বলেন, ‘এটা অসম্ভব। আমরা সবাই শিক্ষক। এখানে কারও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।’ ঐক্যজোটের সাধারণ সম্পাদক দাবি করেন, ‘শিক্ষকরা ঢিল ছোড়েন। কর্মসূচি পণ্ড করার জন্য পুলিশ পূর্বপরিকল্পিতভাবে টোকাই দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ এরপরও এ ঘটনায় কোনো শিক্ষকের জড়িত থাকার বিষয়টি কেউ প্রমাণ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তাপস কুমার কুণ্ডু।আজ সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষকেরা। পরে তাঁরা সেখান থেকে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে যান। ঐক্যজোটের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি টাকা) দাবিতে পালিত কর্মসূচির তৃতীয় দিন আজ। গতকাল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (শিক্ষা ভবন) ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।