অনশনের অনুমতি পাননি আন্না হাজারে
ভারতের সমাজকর্মী আন্না হাজারেকে রাজধানীতে অনশন কর্মসূচি পালনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আজ শুক্রবার এক চিঠিতে পুলিশ আন্না হাজারেকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ-সম্পর্কিত খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভারতে দুর্নীতি দমনবিষয়ক লোকপাল বিলের খসড়া কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়। তবে এই বিলে প্রধানমন্ত্রীকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। সে জন্য আন্না হাজারেসহ ভারতের সুশীল সমাজ এই বিলের বিষয়ে অসন্তোষ জানিয়েছে। তারা বলছে, এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না। এ বিলের প্রতিক্রিয়ায় আন্না হাজারে ১৬ আগস্ট থেকে দিল্লির যন্তর-মন্তর এলাকায় অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করার ঘোষণা দেন। কিন্তু পুলিশ তাঁকে সেই অনুমতি দেয়নি। এ ক্ষেত্রে পুলিশ ২০০৯ সালে সুপ্রিম কোর্টের একটি আদেশের দোহাই দিয়েছে। হাজারেকে লেখা পুলিশের পত্রে বলা হয়েছে, যেহেতু ওই সময় সংসদের অধিবেশন বসবে, তাই কাউকে যন্তর-মন্তরে কোনো ধরনের কর্মসূচি পালন করার অনুমোদন দেওয়া হবে না।তবে পুলিশের চিঠিতে বলা হয়েছে, আন্না হাজারে ও তাঁর অনুসারীরা চাইলে দিল্লির শেষ প্রান্তে বা নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের কর্মসূচি পালন করতে পারেন। উল্লেখ্য, গান্ধীভক্ত আন্না হাজারে ও তাঁর অনুসারীরা ভারতে কঠোর দুর্নীতিবিরোধী আইন প্রণয়নের লক্ষ্যে অহিংস আন্দোলন করে আসছেন।