অনশনের পরে বিয়ে!
বিয়ের দাবিতে সারা দিন প্রেমিকের বাড়ির সামনে অনশন করেন মেয়েটি। প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা ভয় দেখাতে চাইলেও কাজ হয়নি। মেয়েটির সাফ কথা, বিয়ে না করলে আমরণ অনশন করবেন তিনি। অবশেষে রাতে পুলিশের হস্তক্ষেপে বিয়ে হয় তাঁদের। গতকাল রোববার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। যাঁর সঙ্গে মেয়েটির বিয়ে হলো তাঁর নাম সিদ্দিকুর রহমান (১৯)। তাঁর মুঠোফোন মেরামতের একটি দোকান আছে। বছর খানেক আগে মুঠোফোনের মাধ্যমেই দুজনের পরিচয় হয় বলে জানান মেয়েটি। কিন্তু বিয়ের কথা বললে ছেলে ও তাঁর পরিবারের লোকজন বেঁকে বসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে সিদ্দিকুরের বাড়ির দরজার সামনে বসে মেয়েটি কান্নাকাটি করছিলেন। লোকজন জানতে চাইলে মেয়েটি তাঁদের ঘটনাটি খুলে বলেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সিদ্দিকুরের স্বজনদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটের পরামর্শ দেন। কিন্তু তাঁরা সাড়া দেননি। মেয়েটিও স্পষ্টভাবে জানিয়ে দেন, বিয়ে না করলে তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ সিদ্দিকুরের বাবার সঙ্গে আলোচনা করে বিয়ের ব্যবস্থা করে। মেয়েটির অভিভাবকদের সঙ্গেও পুলিশ মুঠোফোনে কথা বলে। রাত ১১টার দিকে জুড়ী থানায় তাঁদের বিয়ে হয়। বিয়েটি নিবন্ধন করান পূর্ব জুড়ী ইউনিয়নের বিয়ে নিবন্ধক (নিকাহ রেজিস্ট্রার) আবদুল মালিক। বিয়েতে জনপ্রতিনিধি, সিদ্দিকুরের অভিভাবক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বিয়ের পর হাস্যোজ্জ্বল মেয়েটি বলেন, ‘আমার দুটি পথ খোলা ছিল। হয় মরণ, না হয় বিয়ে। আমি খুব খুশি। আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে-শান্তিতে সংসার করতে পারি।’ এ ব্যাপারে সিদ্দিকুর বলেন, ‘একটু ভুল-বোঝাবুঝি অইছিন (হয়েছিল)। এখন সব ঠিক আছে।’জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান আজ সোমবার সকালে প্রথম আলো ডটকমকে বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। উঠতি বয়সী সন্তানদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখা দরকার।’