অনাথবন্ধুর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর মলিন মুখ, পরনে ময়লা প্যান্ট, ছেঁড়াফাটা শার্ট। শাহজাহানপুর ফ্লাইওভারের নিচে ফুটপাত দিয়ে হাঁটছেন। বছর তিনেক ধরে তাঁকে এভাবেই দেখছেন আশপাশের দোকানিরা। কিছুদিন পর পর একজন মহিলা এসে তাঁর খোঁজখবর নেন। তিনি জামাকাপড় পাল্টে দিয়ে যান, কিছু টাকাপয়সাও দেন।হাসি বেগমের কাছ থেকেই নিঃসঙ্গ লোকটির নাম-পরিচয় জানা গেল। ফরিদপুরের অনাথবন্ধু ছিলেন এলএমএফ চিকিৎসক। ছেলেমেয়ের পড়াশোনার সুবিধার জন্য ১৯৭০ সালের দিকে গ্রাম ছেড়ে চলে আসেন ফরিদপুর শহরে। সেখানে চিকিৎসার পয়সায় সংসার চালাতে পারছিলেন না তিনি। জমিজমা বিক্রি করে ছেলেমেয়েকে পড়াশোনা করান। এভাবে ২০ বছর কেটে যায়।অনাথবন্ধুর দুই ছেলে ও এক মেয়ে। মেয়ে শিখা এমএ পাস করেন। বিয়ে করেন নিজের পছন্দের ছেলেকে। বড় ছেলে সাভারের একটি পোশাক কারখানার ব্যবস্থাপক। ছোট ছেলে নির্মাণ ঠিকাদার। তিনি ফরিদপুর শহরে দুটো বাড়ি করেছেন।এদিকে শহরে বড় বড় ক্লিনিক হওয়ার পর অনাথবন্ধুর মতো এলএমএফ চিকিৎসকেরা বেকার হয়ে পড়েন। ২০০০ সালের দিকে তাঁর স্ত্রীর প্যারালাইসিস হয়। ছেলে-বউরা অসুস্থ শাশুড়িকে বাসায় রাখতে রাজি হন না। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। গ্রামের বাড়িতে অনাথবন্ধুর বসতভিটা আছে, কিন্তু ঘর নেই। তিনি ছোট্ট একটা ঘর তোলেন। গ্রামে দু-একজন রোগী দেখেন, কেউ পয়সা দেয়, কেউ দেয় না। এ দিয়ে সংসার চলে না। ছেলেরা কোনো সহায়তা করেন না। অনাথবন্ধুর ছোট ভাই শ্রীনাথ কিছুটা সাহায্য করতেন। হোমিওপ্যাথি চিকিৎসক সেই ছোট ভাইয়ের আর্থিক অবস্থাও ভালো নয়। এক বছর রোগে ভুগে অনাথবন্ধুর স্ত্রী মারা যান। একা হয়ে পড়েন অনাথবন্ধু। ঢাকার শাহজাহানপুরে কীভাবে এলেন, কেউ জানে না। হাসি বেগম তাঁকে এখানে দেখে চিনে ফেলেন। একই গ্রামের বাসিন্দা তাঁরা। হাসি বেগম জানালেন, তিনি বাসাবো থাকেন। ছোটবেলায় অনাথবন্ধু তাঁদের পারিবারিক চিকিৎসক ছিলেন। হাসির বাবাকে তিনি মামা ডাকতেন।কিছুদিন আগে অনাথবন্ধুকে দেখা গেল রাজারবাগের পূর্ব পাশে। ফুটপাতের ভিড় ঠেলে আস্তে আস্তে হেঁটে চলেছেন।