অনাবৃষ্টিতে ম্লান তাঁদের ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা মাত্র আট হর্স পাওয়ারের সেচ ইঞ্জিন ভরসা করে নাজমুল হোসেন নেমেছেন তাঁর দুই একর জমির ধান রক্ষা করার যুদ্ধে। পানির অভাবে এর মধ্যে খেতের অর্ধেকেরও বেশি ধানগাছের পাতা হলুদ হয়ে গেছে। ফেটে গেছে মাটিও। ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের কৃষক নাজমুলের মতো অবস্থা এই জেলা এবং পাশের দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ের কৃষকদেরও। অনাবৃষ্টি ম্লান করে দিয়েছে এসব কৃষকের ঈদের আনন্দ।কৃষকেরা বলছেন, দীর্ঘ দিন অনাবৃষ্টির কারণে আমন ফসল যায় যায় অবস্থা। যাঁদের পাট উঠেছে, তাঁরাও পাট পচানোর (জাগ দেওয়ার) জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না। অল্প পানিতে অনেক পাট পচানোর কারণে ঠিক মতো আঁশ উঠছে না। উঠলেও অনেক ক্ষেত্রে তা কালো হচ্ছে।দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র খরায় বিভিন্ন জলাশয়ের পানি শুকিয়ে এসেছে। আর এই এলাকাগুলোর নদীতে এমনিতেই পানি নেই। কয়েক দিন আগে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বন্যা দেখা গেলেও সর্ব-উত্তরের এই তিন-চারটি জেলা শ্রাবণ মাসজুড়ে একেবারে বৃষ্টিহীন।গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুরে খেতে কথা হয় নাজমুলের সঙ্গে। তিনি বলেন, এই সময় জমিতে অন্তত চার আঙুলসমান পানি থাকার কথা। কিন্তু এক দিন জমি শুধু ভেজাতেই অন্তত আট ঘণ্টা পানি দিতে হয়। তাঁর নিজেরও সেচযন্ত্র নেই। প্রতিদিন ৮০০ টাকা (প্রতি ঘণ্টা ১০০ টাকা হিসেবে) করে সেচের জন্য দিতে হচ্ছে। খেতের ফসল কিছু অংশ হলুদ হয়ে গেছে। বাকিটুকু রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।জামালপুর ইউনিয়নের কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয় একটি সাইকেল মেরামতের দোকানে। তাঁরা বলেন, আষাঢ় মাসে সামান্য বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসেও একদম নেই। ভাদ্র মাস শুরু হয়ে গেলেও বৃষ্টির দেখা মিলছে না। বয়সে প্রবীণ মো. মুসলিম বলেন, ‘প্রতিবছর তো শাওন (শ্রাবণ) মাসের শেষত পানি হওয়া শুরু হয়। ভাদরত (ভাদ্রে) তো খেতোত পানি জমে যায়। হামরা তো শাওনের পানির আশাত বিচন (বীজতলায় বীজ বপন) ফেলিনু, রোয়া গাড়নু (রোপণ করলাম)। এলহা তো পানিয়ে নাই। হামার তো ম্যালা খরচ হয়ে গেইছে।’কৃষক বাতেন বলেন, এক দিনে এক বিঘা জমির মাটি ভেজাতে গেলেই অন্তত ছয় লিটার তেল খরচ হয়। দুই ঘণ্টা পরই আবার খেত শুকিয়ে যায়। এভাবে সেচ দিয়ে ধান আবাদ করতে গেলে প্রতি বিঘায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যাবে। আর প্রতি বিঘায় ধান উঠবে গড়ে ২০ মণ করে। এখন মৌসুম শেষে ধানের দাম না বাড়লে লাভ-খরচও উঠবে না, এমনকি পুরোটাই যেতে পারে ক্ষতির খাতায়।কৃষক শিবেন জানান, গত সপ্তাহে শিবগঞ্জের হাটে ১৭ টাকা কেজি দরে ২৯ ধানের (বিআর-২৯) চাল বিক্রি করেছেন। আগামী মৌসুমে যে ধানের দাম পাবেন, সে আশাও করতে পারছেন না। তাঁদের মতো ক্ষুদ্র চাষিরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন না। স্থানীয় চালকল ব্যবসায়ী, ফড়িয়া আর পাইকারেরাই সরকারি খাদ্য গুদামে চাল রাখতে পারেন। এসব ব্যবসায়ীর কাছ থেকে কম দামে চাল কিনে পাইকারেরা লাভবান হলেও তাঁদের আসল নিয়েই টানাটানিতে থাকতে হচ্ছে প্রতিবছর।পাট নিয়ে হতাশ কৃষক: পাট কাটার মৌসুমে বৃষ্টি না থাকায় পাট কেটে প্রক্রিয়াজাত করতে পারছেন না কৃষকেরা। কৃষক কাবুল হোসেন বলেন, একবার পাটের আঁশ ছাড়ানোর জন্য জাগ দেওয়ার পানিতে নামলে শরীরে এত তীব্র দুর্গন্ধ হয় যে তিন দিন পর্যন্ত গন্ধ যায় না। এই পানিতে পাট পচানোয় পাটের রং কালো হয়ে যাচ্ছে; আঁশও মানসম্পন্ন হচ্ছে না। এই পাটের দাম পাওয়া যাবে না বলে আশঙ্কা কৃষকদের মধ্যে। অনেকে বৃষ্টির আশায় পাট না কেটেই বসে আছেন।