অনাবৃষ্টির কারণে নড়াইলের মৎস্য চাষে ক্ষতির আশঙ্কা
অনাবৃষ্টির কারণে এ বছর নড়াইলের মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। ১৭ অক্টোবর সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের মান্দিয়ার চরগ্রামের মৎস্যচাষি শামসুর রহমানের মৎস্য খামারে মতবিনিময় সভায় জেলার মৎস্যচাষিরা এ আশঙ্কা প্রকাশ করেন। সভায় সুইস কনট্যাক ক্যাটালিস্টের কর্মকর্তা আশফাক হোসেন, ইমপ্যাক্ট পিআরের নির্বাহী পরিচালক শামসুর রহমান, পরিচালক সাবরিনা জামান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মৎস্য খামার সমিতির সভাপতি আকরাম শাহীদ সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ হাসান সভা পরিচালনা করেন। জেলা মৎস্য খামারের সভাপতি আকরাম শাহীদ বলেন, ‘নড়াইলের বেশির ভাগ মৎস্যচাষিরা প্রকৃতির ওপর নির্ভরশীল। তবে এলাকার চাষিরা আধুনিক ও নিবিড় পদ্ধতিতে মাছ চাষ শুরু করতে আগ্রহী। এ জন্য ঋণ, প্রশিক্ষণসহ সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।’সদর উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, ‘নড়াইল প্রাকৃতিক মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি জেলা। অবলুপ্তপ্রায় অনেক প্রজাতির মাছ এখনো নড়াইলে পাওয়া যায়। যদি এভাবে অনাবৃষ্টি হতে থাকে, তাহলে জেলার প্রাকৃতিক মৎস্য সম্পদ হারাবে, সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান গলদা চিংড়ির চাষ আর ধরে রাখার মতো পরিবেশ বজায় থাকবে না।’জেলা মৎস্য কর্মকর্তা আবদুুল অদুদ বলেন, অনাবৃষ্টির কারণে চাষিদের ঘেরে ও পুকুরে মাছ উৎপাদন এবার উল্লেখযোগ্য হারে কম হওয়ার আশঙ্কা রয়েছে।