অনামিকা বাড়ি ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনামিকা বাড়ি ফিরেছে। এ মুহূর্তে এত বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। আমরা সেই অনামিকার কথা বলছি, অর্থাভাবে যাকে চিকিৎসা ছাড়াই হাসপাতাল থেকে মা-বাবা ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বাড়িতে, যার অর্থ হতো অবধারিত মৃত্যু। মানুষের সম্মিলিত ভালোবাসায় বেঁচে গেছে সে। দীর্ঘদিন চিকিৎসার পর সে এখন সুস্থ।‘অনামিকা তোমাকে বাঁচাবই!’ শিরোনামে গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে প্রথম আলোয় আমার একটি লেখা ছাপা হয়। অনামিকা নামের ফুটফুটে অসুস্থ মেয়েটিকে নিয়ে ছিল লেখাটি। প্রথম আলোর অগণিত পাঠক লেখাটি পড়ে অনামিকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। গত বছর ৫ অক্টোবর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে (পিআইসিইউ) ভর্তি হয়েছিল পাঁচ বছরের ছোট্ট শিশু অনামিকা। ‘Encephalitis with Acute Stroke Syndrome, Heart Failure & Pneumonia’ নিয়ে ভর্তি হওয়া এই শিশুর মা-বাবা শুধু অর্থাভাবে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা শ্বাসযন্ত্র (ভেন্টিলেটর মেশিন) খুলে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে শিশুটির নিশ্চিত মৃত্যু হতো। বিষয়টি মাথায় রেখে প্রথম আলোর খোলা কলম পাতার ‘চারদিক’ বিভাগে অনামিকাকে বাঁচানোর জন্য লেখাটি ছাপা হয়। লেখাটি প্রকাশের পর বাংলাদেশের অগণিত পাঠক মুঠোফোনে তাঁদের অকুণ্ঠ ভালোবাসার কথা জানিয়ে দূরদূরান্ত থেকে ওকে বাঁচানোর জন্য সাহায্য পাঠান। ফলে, অর্থের অভাবে অনামিকাকে হাসপাতাল থেকে চলে যেতে হয়নি।আমি কৃতজ্ঞ তাঁদের কাছে, যাঁদের আন্তরিকতা ও ভালোবাসায় গত ১৪ জুলাই অনামিকা সম্পূর্ণ সুস্থ হয়ে হাসিমুখে মা-বাবার সঙ্গে তার নিজ বাড়ি চাঁদপুরের মতলবে ফিরে গেছে। হাসপাতালের চিকিৎসার খরচ বাদে অনামিকার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে দুই লাখ টাকা, যা দিয়ে তিনি ব্যবসা-বাণিজ্য করে অনামিকার আগামী দিনগুলো করে তুলবেন স্বপ্নময়। আমি ধন্যবাদ দিতে চাই জিএমজি এয়ারলাইনসকে। তা ছাড়া সাহায্য করার পাশাপাশি প্রায়ই আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অনামিকার সুস্থতার কথা জেনেছেন লন্ডনের শিপলু, ঢাকার মেহরীন, কাকলী, নিপা এবং বাগেরহাটের বাঁধনসহ অনেকে। অনেকে সাহায্য করেছেন পরিচয় গোপন রেখে। চিকিৎসক হিসেবে আমার সবচেয়ে বড় পাওয়া, আমার ছোট্ট একটি উদ্যোগ নেওয়ার কারণে ছোট্ট শিশু অনামিকা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অনামিকাকে সুস্থ করে তোলার জন্য দিনরাত পরিশ্রম করেছেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পিআইসিইউয়ের চিফ কনসালট্যান্ট অধ্যাপক এম মনির হোসেনসহ তাঁর অধীনে থাকা দক্ষ চিকিৎসক ও নার্স এবং নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মাহমুদুল হাসান—যাঁরা পিআইসিইউ, তারপর স্টেপডাউন, দীর্ঘদিনের ফিজিওথেরাপি, ট্রাকিয়োস্টোমি টিউব কেয়ার এবং নিবিড় নার্সিংয়ের মাধ্যমে অনামিকাকে নতুন করে বাঁচিয়েছেন। হাসপাতালের চেয়ারম্যান থেকে শুরু করে সর্বস্তরের স্টাফ এই সাফল্যের দাবিদার।অনামিকা ভালো থাকুক, ফুলের বাগানে প্রজাপতির মতো ঘুরে বেড়াক, এই স্বপ্ন আমাদের।আশীষ কুমার চক্রবর্তীচিকিৎসক ও পরিচালক, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, মহাখালী, ঢাকা।