অনাস্থা ভোটে উতরে গেলেন ইংলাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পার্লামেন্টে আজ বুধবার বিরোধী দলের আনা অনাস্থা ভোটে উতরে গেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।ইংলাকের বিরুদ্ধে অঙ্গীকার অনুযায়ী সরকার পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে বিরোধী দল। এ অভিযোগে পার্লামেন্টে এই অনাস্থা ভোটের আয়োজন করা হয়। এতে ৪৬৭ ভোটের মধ্যে ইংলাক পেয়েছেন ৩০৮টি।পার্লামেন্টে স্পিকার সোমসাক কিয়াপসুরানন্ত ভোটের পর এ ঘোষণায় বলেন, প্রধানমন্ত্রী ইংলাককে কাজ চালিয়ে যাওয়ার জন্য পার্লামেন্ট তাঁর পক্ষে ভোট দিয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে উপপ্রধানমন্ত্রী চালার্ম ইউবামরাং, প্রতিরক্ষা মন্ত্রী সুকুমপোল সুয়ানাতাত ও উপস্বরাষ্ট্রমন্ত্রী চাট কুলাদিলকও বিরোধী দলের আনা অনাস্থা ভোটের খড়্গ থেকে রক্ষা পেয়েছেন। সরকারবিরোধীরা ইংলাকের সরকারকে থাকসিনের পুতুল সরকার বলে অভিহিত করেছেন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বলে তিনি ‘আত্মবিশ্বাসী’। ২০১১ সালে নির্বাচনে জয় পাওয়ার পর তিনি ছয়টি দল নিয়ে জোট সরকার গঠন করেন। নিম্ন কক্ষে জোট সরকারের তিন-পঞ্চমাংশ সাংসদ রয়েছেন।ব্যাংককে গত শনিবার সরকারবিরোধী প্রচণ্ড বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৭ জন আহত হয়। প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার পতনের দাবিতে দেশটির রাজতন্ত্রের অনুগত পিতাক সিয়াম গোষ্ঠী ও এর মিত্ররা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।