অনিতার ‘শৌচাগার বিপ্লব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর নববধূর আক্কেল গুড়ুম! শ্বশুরবাড়িতে কোনো শৌচাগারই নেই। দিব্যি খোলা জায়গায় কাজ সারছে সবাই।কয়েক দিনের মধ্যে তাঁর মন উঠে গেল। না, এমন বাড়িতে আর নয়। শৌচাগার না হওয়া পর্যন্ত আর ফিরবেন না বলে তিনি চলে গেলেন বাপের বাড়ি।এই সাহসী বধূটি হলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি গ্রামের অনিতা নারে। শৌচাগার হওয়ার পর তবেই তিনি শ্বশুরবাড়ি ফেরেন। খোলা স্থানে আর প্রাকৃতিক কাজ নয়—এমন ‘শৌচাগার বিপ্লব’ ঘটানোর জন্য অনিতাকে পুরস্কারও দেওয়া হয়েছে। সুলভ ইন্টারন্যাশনাল নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে।মধ্যপ্রদেশের ওই এলাকার জেলা ম্যাজিস্ট্রেট বি চন্দ্রশেখর বলেন, ‘অনিতা তাঁর গ্রামের অন্য নারীদের নিজ নিজ স্বামীকে শৌচাগার তৈরিকে উত্সাহিত করেছেন। তাঁর কারণেই গ্রামটির চেহারা বদলে গেছে। গুরুত্বপূর্ণ এ ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ।’গত বছরের মে মাসে মজুর শিবরামের সঙ্গে অনিতার বিয়ে হয়। শিবরামদের বাড়িতে স্বাস্থ্যসম্মত কোনো শৌচাগার ছিল না। এ কারণে অনিতা কিছুদিন পর শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। পরে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় শিবরাম বাড়িতে পাকা শৌচাগার নির্মাণ করলে অনিতা স্বামীর ঘরে ফেরেন।চন্দ্রশেখর বলেন, মধ্যপ্রদেশের ওই এলাকায় আগেই বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন তা নাকচ করে দেয়। তারা মনে করত, বাড়ির ভেতর শৌচাগার থাকাটা নোংরামি। এর চেয়ে বরং ঝোপঝাড়ে কাজ সারাই ভালো।সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে অনেক নারীকেই আঁঁধার নামা পর্যন্ত অপেক্ষা করতে হতো। অনিতার ‘শৌচাগার বিপ্লব’ তাদের সে দুর্গতি ঘুচিয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘অনিতার গল্প শুনে গ্রামবাসীর মানসিকতা বদলে যায়। হয় সূর্যোদয়ের আগে, নয়তো সূর্যাস্তের পর কাজ সারতে হতো তাদের। অনিতার সাহসী ভূমিকার কারণে স্বাস্থ্যসম্মত শৌচাগারের বিষয়টি গ্রহণ করে তারা। দেশজুড়ে নারীদের এমন সাহসী কাজে উত্সাহিত করতে আমরা পুরস্কার ঘোষণা করেছি।’ ওয়েবসাইট।