অনিন্দ্যসুন্দর এক গায়ক পাখি
সন্ধ্যায় কুপির আলোয় পড়তে বসে যে পাখিটির করুণ সুরেলা গান শুনে সেই শিশু বয়সেও মনটা বিষণ্নতায় ছেয়ে যেত, সেই পাখিটির নাম ‘হালতি’। পড়তে পড়তে ডাক শুনতাম, খেতে খেতেও। মায়ের বুকে নাক গুঁজে শুয়ে ঘুমাতে ঘুমাতেও শুনতাম হালতির ডাক। একটানা ডাকত এক বা একাধিক হালতি পাখি। আমাদের বাড়ির পূর্ব সীমানার বাঁশঝাড়ে ডাকত, ডাকত পুকুরের দক্ষিণ পাড়ে আমাদের পারিবারিক কবরস্থানের ভূতের ভয়ে গা-ছমছম করা বাগানটিতে। মা বলতেন, ‘হালতি, ডিম পাড়ার আগে ডাকে, গলায় রক্ত তোলে।’ দাদি বলতেন, ‘ওরা পেত্নি, মনের দুঃখে রাতে পাখি হয়ে কাঁদে, দুষ্টু যারা, তাদের নাম ধরে ডাকে, কাছে গেলেই ঘাড় মটাস!’মা-ই আমাকে হালতির বাসা প্রথম দেখিয়েছিলেন। বাসায় তুলতুলে ছানা। সেগুলো তুলে দিয়েছিলেন হাতে। তারপর আবার ওদের রেখে দিয়েছিলেন বাসায়। সেসব ১৯৬০ সালের কথা। তারপর পেরিয়ে গেছে বহুদিন। প্রায় ১৭ বছর। ১৯৭৬ সালে ঢাকায় এসে জানলাম, আমাদের গ্রামের সেই অতি চেনা হালতি এক অতি দুর্লভ পাখি। এককথায় এটি আমাদের দেশের এক অমূল্য পাখি। পাখিটি অত্যন্ত সুন্দর। বাসা করা ও ডিম দেওয়ার সময় রাতভর বিষণ্ন সুরেলা গলায় গান গায়, জানি তা-ও। বাসা দেখেছি বহুবার; ছানাও পুষেছি। আমাদের বাগানটিতে বাসা করে প্রতিবছরই; বাসা করে মল্লিকদের বাগানে। হালতি আছে দুই রকমের—রাঙা হালতি ও হালতি। ফকিরহাটের ছেলে-বুড়ো সবাই রাঙা হালতি ও হালতিদের চেনে। ওদের ডাক শুনে বুঝে ফেলে, বাসা করেছে; ডিম-ছানা হবে। এরপর থেকেই হালতি নিয়ে শুরু করি কাজ। সঙ্গী আমার গ্রাম বাগেরহাটের সাতশৈয়ার ওয়াইল্ড লাইফ ক্লাবের শিপলু খানসহ ৫০-৬০ জন। বর্তমান উপজেলা চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন, ফকিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসানও আছেন ক্লাবের সঙ্গে। তাঁদের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে দুই রকম হালতির ওপর কাজ করছেন ক্লাবের সবাই। প্রতিবছরই হালতি সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন, ছবি তোলেন।২০০৫ সালের ১৪ অক্টোবর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার তৈরি ‘হালতি পাখির বাসা’ নামের এক ঘণ্টা ৪০ মিনিটের ভিডিও ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়। মাঠ পর্যায়ের দীর্ঘদিনের গবেষণা নিয়ে এসব প্রকাশিত হচ্ছে আমার বই হালতিনামা।হালতির ইংরেজি নাম Hooded pitta। সুন্দর এই পাখিটির গলায় যেমন আছে সুরের অলৌকিক কারুকাজ ও মিষ্টতা, তেমনি দেখতেও সুন্দর। বাসা করে মাটির ওপর; ডিম পাড়ে চার থেকে ছয়টি।আমার বাগানে এ বছরও বাসা করেছিল। ফকিরহাট-বাগেরহাটের নির্দিষ্ট জায়গাগুলোতে এ বছর বাসা পাওয়া যায় ২৯টি। আমাদের গ্রামেই ছিল ১৮টি।হালতির করুণ-বিষণ্ন গান আমার স্মৃতির মধ্যে যখন ভেসে আসে, তখন মোহাবিষ্ট হয়ে পড়ি। মনে হয় যেন পৌঁছে গেছি আমার গ্রামে, যেখানে ডাকছে অনিন্দ্যসুন্দর পাখিটি।