অনিন্দ্যসুন্দর পাতা বুলবুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বহিঃপরীক্ষক হিসেবে চট্টগ্রামে গিয়েছিলাম। ফেরার পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ আলমকে বললাম, ‘চল, নাইক্ষ্যংছড়িতে বিএলআরআইয়ের ডা. উদয়ের ওখানে যাই। গয়াল, বনমোরগ, পাহাড়ি ছাগল আর কুমিরের খামার দেখা যাবে।’ কুমিরের খামারের কথায় সে যেতে রাজি হয়ে গেল। উদয়কে ফোন করে পরীক্ষা শেষ করে রওনা হলাম।রামু পৌঁছাতেই রাত নয়টা। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় আধঘণ্টায় নাইক্ষ্যংছড়ি। সমতল ছেড়ে পাহাড়ি রাস্তায় উঠতেই সবকিছু সুনসান। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অটোরিকশায় হেডলাইট ছাড়া কোনো আলো নেই। কিছুটা গা-ছমছমে পরিবেশ। তবে পৌঁছলাম কোনো বিঘ্ন ছাড়াই। ভোরে পর্যটন লেকের ঝুলন্ত সেতু ও আশপাশের বনবাদাড় দেখতে বেরোলাম। অনেকক্ষণ ঘুরেও কাঠশালিক আর মৌটুসি ছাড়া অন্য কোনো পাখির দেখা পেলাম না। বেশ হতাশ হলাম।ধীরে ধীরে রোদের তেজ বাড়ছে। আর বোধ হয় পাখি দেখা হবে না। কারণ, বিকেলে কুমিরের খামারে যাব। রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিতে হবে। তাই মন খারাপ করে ফিরতি পথ ধরলাম। কিছুদূর হাঁটার পর পাহাড়ের ঢালে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আলম চেঁচিয়ে বলল, ‘স্যার, গাছভর্তি ওগুলো কী?’ তীক্ষ দৃষ্টিতে তাকালাম; মুহূর্তেই মন নেচে উঠল। গাছের কাছাকাছি গেলাম। সবুজ পাতা-ফল ও সাদা ফুলের ফাঁকে ফাঁকে অসংখ্য পাখি, কিন্তু গাছটি চিনলাম না। ওই বাড়ির ছেলে এহসান কবির বলল, ‘এটি পাহাড়ি তুলাগাছ; ঘণ্টা খানেক আগেও পুরো গাছ পাখিতে ছেয়ে ছিল, ফুল-ফল দেখা যাচ্ছিল না।’ মনে মনে বললাম, ‘যা পেয়েছি, তাতেই খুশি।’ভালো করে লক্ষ করে দেখি, ১০ প্রজাতির গোটা চল্লিশেক পাখি। এদের মধ্যে সবুজ পাতা-ফলের মাঝে পাতা রঙের কয়েকটি পাখি দেখলাম, উল্টো হয়ে ঝুলে সাদা ফুলের রস খাচ্ছে। পাখি ও তাদের সুমধুর গানে অনিন্দ্যসুন্দর পরিবেশ। আমার মন-প্রাণ ভরে গেল, যেন স্বর্গীয় শান্তি অনুভূত হলো।সুন্দর এই পাখিগুলো হলো ‘সোনালি-কপাল পাতা বুলবুলি’ (Golden-fronted Leafbird)। ‘পাতা বুলবুলি’, ‘সবুজ পাতা বুলবুলি’ বা ‘সোনা-কপালি হরবোলা’ নামেও পরিচিত। এ দেশের বনবাদাড়ে বেশ সংখ্যায় দেখা গেলেও গ্রামে কম দেখা যায়। বৈজ্ঞানিক নাম Chloropsis aurifrons।এদের দেহ পাতার মতো সবুজ হলেও কপাল কমলা-হলুদ বা সোনালি। লম্বায় প্রায় ১৯ সেন্টিমিটার। ওজনে পুরুষ পাখি প্রায় ৩০ গ্রাম ও স্ত্রী পাখি প্রায় ২৫ গ্রাম। ঠোঁট থেকে চোখ, চোখের কোল, মুখমণ্ডল হয়ে গলা পর্যন্ত কালো। এর ঠিক মাঝখানে চিবুক ও গলার উপরাংশ বেগুনি-নীল। গলার দুই পাশে এই কালোর নিচে ও বুকের উপরাংশে হলুদ বা সোনালি-হলুদ রেখা। ঈষৎবাঁকা ঠোঁটটি কালো। গাঢ় বাদামি চোখ। পা ও পায়ের পাতা কালো। স্ত্রী পাখির কপালের সোনালি রং পুরুষের চেয়ে হালকা। বাচ্চাগুলো পুরোপুরি সবুজ।এরা চিরসবুজ ও পাতাঝরা বন এবং গাছপালাপূর্ণ স্থানে থাকতে ভালোবাসে। সাধারণত ছোট দলে বা জোড়ায় থাকে। ফুলের নির্যাস, পোকামাকড়, ছোট ফল এদের প্রিয়। দেখতে যেমন সুন্দর, গানের গলাও বেশ। এরা নানা স্বরে গান গায়, যেমন: ‘হুইট; চা কি-হুই; সুই-চি-চি-উই; চুপ-চাও।’ এমনকি অন্য পাখির স্বরও নকল করতে পারে। তাই কোথাও কোথাও হরবোলা নামে পরিচিত।জানুয়ারি থেকে আগস্ট প্রজননকাল। গাছের মগডালে কাঠি, পাতা, ঘাস ও মস দিয়ে বাটির মতো পরিপাটি করে বাসা বানায়। স্ত্রী পাখি তাতে দু-তিনটি ক্রিম রঙের ডিম পাড়ে।