গত শতাব্দীর আশির দশকে ড. আলী রেজা খান সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লোকালয়ে সবুজ ব্যাঙের সন্ধান পান। তখন ভাবা হতো, সবুজ ব্যাঙ শুধু বাংলাদেশের সুন্দরবনের গ্রামীণ জলাশয়গুলোতেই পাওয়া যায়। পরে ভারত ও মিয়ানমারে সবুজ ব্যাঙের অস্তিত্ব প্রমাণিত হয়েছে।চাঁদপাই অফিসঘাটের আধা কিলোমিটার উত্তরে পাড় বাঁধানো একটি বড় পুকুরে আমরা সবুজ ব্যাঙ দেখতে পেতাম। অনেক পর্যটকও ব্যাঙ প্রজাতির অন্যতম বর্ণিল এই প্রাণীটি দেখে আনন্দ পেতেন। ব্যাঙগুলো অন্যান্য পুকুর ছেড়ে এখানে কেন আশ্রয় নিয়েছে, সেটা খুঁজতে গিয়ে দেখলাম, এই পুকুরটাতে জমাট হয়ে এক ধরনের দাম (জলজ গুল্ম) জন্মেছে, যা ব্যাঙগুলোর স্বাভাবিক বাসস্থান হয়ে উঠেছে। লতানো জলজ উদ্ভিদগুলোর রং নীলচে সবুজ। এর মধ্যে ব্যাঙগুলো মাথা জাগিয়ে ভেসে থাকে, বিপদ দেখলে টুপ করে ডুবে যায়। দামের ডাঁটা হলদে, পাতা সবুজ। এই পাতার সঙ্গে সবুজ ব্যাঙ এমনভাবে মিশে যায় যে ভালো করে লক্ষ না করলে এদের দেখতে পাওয়া যায় না।২০০৫ সালে আমি কয়েক দিন চাঁদপাই থেকে গ্রামে ঢোকা বাঘের খোঁজ করছিলাম। সে সময় একদিন ওই পুকুরটায় গিয়ে দেখি, পুকুরের জল টলটল করছে; দাম, ব্যাঙ কিছুই নেই। খোঁজ নিয়ে জানলাম, পুকুরটি একজন ইজারা নিয়ে ব্যাঙ, দাম নিকাশ করে চিংড়ি ছেড়েছে।আশপাশের গ্রামগুলোর কয়েকটি পুকুরে, নাবাল জলায় ওই লতানো দাম দেখতে পেলাম। দূরে একটা-দুটা ব্যাঙ আছে। খুব কাছে থেকে ব্যাঙের ছবি তোলার জন্য বৈদ্যমারী স্বাস্থ্যকেন্দ্রের মজাপুকুর থেকে একটি ব্যাঙ ধরলাম। কাছ থেকে দেখে বোঝা যায়, সত্যিই অসাধারণ সুন্দর এই সবুজ ব্যাঙ। এর দেহের উপরিভাগের রং পাতাসবুজ। এর পিঠের শিরা, ডানার কাছটার রং সবুজে হলুদ। ছোট ব্যাঙের রং হালকা সবুজ। বয়স্ক ব্যাঙের পিঠের দিক থেকে শুরু করে পেছন ও পা গাঢ় সবুজ। এর পেটের দিকটা সবুজাভ অথবা লালচে হলুদ রঙের। এই ব্যাঙের বৈজ্ঞানিক নাম Euphlyctis hexadactylus. নাকের ডগা থেকে পশ্চাদ্দেশ পর্যন্ত দৈর্ঘ্য ১৩০ সে.মি.। সোনা ব্যাঙের (১৬০ সে.মি.) চেয়ে সামান্য ছোট। সবুজ ব্যাঙের প্রধান বৈশিষ্ট্য হলো এর খাদ্যাভ্যাস। অন্যান্য সব ব্যাঙ জ্যান্ত কীটপতঙ্গ, সরীসৃপ খেয়ে বাঁচে, সামান্য পরিমাণ সবজি খায়। সবুজ ব্যাঙের খাদ্যের ৮০ শতাংশ আসে সবজি থেকে। বাকি ২০ শতাংশ জীবন্ত কীটপতঙ্গ। মেয়ে সবুজ ব্যাঙ পুরুষের চেয়ে আকারে বড় হয়। অন্যান্য ব্যাঙের হাত-পায়ের আঙুলগুলো পাতলা চামড়ায় জড়ানো। সবুজ ব্যাঙের হাতের আঙুলগুলো পৃথক। সবুজ ব্যাঙের ডাক অনেকটা সোনা ব্যাঙের মতো। ছড়িয়ে-ছিটিয়ে একেকটি ব্যাঙ আলাদাভাবে থাকে। সাধারণত দিনেই এরা বেশি সচল, তবে রাতেও সচল হয় প্রয়োজনে। মার্চ থেকে সেপ্টেম্বর এদের মিলনের সময়।এ বছরের (২০১০) জুন মাসে সুন্দরবন-সংলগ্ন লাউডোব গ্রামের কয়েকটি পুকুরে সবুজ ব্যাঙ দেখে খুশি হয়ে মুঠোফোনে জানালাম পক্ষীবিদ ইনাম আল হককে। ইনাম ভাই জানালেন, তিনি বনের সুপতি স্টেশন অফিসের পুকুরে সবুজ ব্যাঙ দেখেছেন। জীববিজ্ঞানী মনিরুল এইচ খান জানালেন, মধুপুর, ভাওয়াল গড়ের পুকুরেও এই ব্যাঙ পাওয়া যায়। আনন্দিত হলাম। এরা দ্রুত হারিয়ে যাবে না।