অনিমেষের চলচ্চিত্রে শিমলা
নাট্যনির্মাতা অনিমেষ আইচ প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ শুরু করতে যাচ্ছেন। চলচ্চিত্রের নাম ‘না মানুষ’। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হচ্ছে। আর এতে অভিনয় করবেন শিমলা। তবে শিমলার অংশের শুটিং শুরু হবে জানুয়ারি মাসে। শিমলা বলেন, ‘না মানুষ চলচ্চিত্রে কাজের ব্যাপারটা একেবারে হঠাত্ই। প্রথমদিকে আমার সঙ্গে যখন আলোচনা হয় তখন চরিত্রের গুরুত্বের ব্যাপারটি নিয়ে আমার আগ্রহ ছিল।এখানে আমি নয়নতারা চরিত্রটিতে অভিনয় করছি।’শিমলা আরও বলেন, ‘না মানুষ চলচ্চিত্রে নয়নতারা একজন পতিতার ভূমিকায় অভিনয় করবে। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে অভিনয়ের সুযোগ আছে। আর আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’এ ছাড়া ২২ নভেম্বর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় রূপগাওয়াল নামের আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শিমলা। তিনি বলেন, ‘ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু আর এক লটের কাজ বাকি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা শুটিং করেছি। খুবই ভালো লেগেছে তবে শুধু মুঠোফোনের নেটওয়ার্ক ছিল না এই আর কী...।’