অনির্বাচিত সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘কারও পক্ষে নির্বাচনের জন্য অনির্বাচিত সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়। এক সেকেন্ডের জন্য অনির্বাচিত সরকার দিয়ে এ প্রজাতন্ত্র চলতে পারে না।’আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্র ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সুরঞ্জিত। বঙ্গবন্ধু মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে। খবর বাসসের।সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বীন হেলালী প্রমুখ বক্তব্য দেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যে যত কথাই বলুক, অনির্বাচিত বা তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন এ দেশে ফিরে আসবে না। কারণ, সুপ্রিম কোর্টের রায়ে এ ব্যবস্থা অনেক আগেই বাতিল হয়ে গেছে। তাই যা কিছু হবে, সংবিধানের আলোকেই হবে।হলমার্ক কেলেঙ্কারির ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার যখন যেখানে দুর্নীতির খবর পাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মইনুল হক ও আতিকুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।বিচার বিভাগ ও জাতীয় সংসদের মধ্যে চলমান বিতর্কে প্রধান বিরোধী দলের নীরবতার কঠোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ বিষয় নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু বিরোধী দল বিএনপি একটা কথাও বলছে না। জাতি আশা করেছিল, এ বিষয়ে তারা সুচিন্তিত মতামত দেবে।চলমান এই বিতর্কের অবসান প্রধান বিচারপতিকেই করতে হবে বলে অভিমত ব্যক্ত করে দপ্তরবিহীন মন্ত্রী বলেন, হাইকোর্টের রায় রিভিউ করার সুযোগ রয়েছে। কিন্তু স্পিকারের রায়ের পর তা করার সুযোগ থাকে না। তাই স্পিকারের রুলিংয়ের ওপর একটি শব্দ করারও অধিকার নেই। আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত। তাই এ সমস্যার সমাধান সুপ্রিম কোর্টকেই করতে হবে।