অনিশ্চয়তা চলবে, তবে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশে রাজনৈতিক সংঘাত বিরাজ করছে। অভিজ্ঞতা থেকে দেখছি, যতই নির্বাচন ঘনিয়ে আসে, ততই সংঘাতের তীব্রতা বেড়ে যায়। যতক্ষণ দুটি জোটের মধ্যে নির্বাচন নিয়ে একটা মীমাংসা না হবে, ততক্ষণ সংঘাত হ্রাসের কোনো সম্ভাবনা দেখি না। আমাদের ভয় হয় যে ২০১৩ সালজুড়েই রাজনৈতিক হানাহানি ও অনিশ্চয়তা বিরাজ করবে। এ রকম মুখোমুখি অবস্থায় দুটি জোটের কেউই কোনো ছাড় দিতে পারবে বলে মনে হয় না। কিছু ভালো যদি হয়, তা হতে পারে নির্বাচনের প্রাক্কালে, বছরের শেষ দিকে। বছরের প্রথম দিকে এ ধরনের ইতিবাচক সম্ভাবনা সুদূরপরাহত।দেশে যখন রাজনৈতিক সহিংসতা দেখা দেয় এবং দীর্ঘ সময়জুড়ে চলতে থাকে, তখন জাতীয় জীবনের তিনটি ক্ষেত্রে তার প্রভাব পড়ে। প্রথমত, বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা ও ভয় সৃষ্টি হবে। তাতে করে আগামী বছরে দেশি-বিদেশি বিনিয়োগ উভয়ই কম হওয়ার আশঙ্কা এবং তার পরের বছরও এর জের চলতে থাকতে পারে। দ্বিতীয়ত, দেশে হরতাল ও সহিংসতা চলতে থাকার প্রধান শিকার হয় গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়। তাদের কাজকর্ম, রুজিরোজগার বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠিত কলকারখানা বা দপ্তরগুলো হয়তো যখন হরতাল থাকে না, তখন বেশি কাজ করে এই ক্ষতি পুষিয়ে নিতে পারে। কিন্তু দরিদ্র দিনমজুর ও ছোট ব্যবসায়ীদের জন্য সেই সুযোগ থাকে না। রাজনৈতিক অস্থিরতায় তাই অতিদরিদ্র মানুষের অর্থনৈতিক সমস্যা আরও বাড়ে। তৃতীয়ত, রাজনৈতিক সংঘাত চলতে থাকলে সমাজে দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে ওঠে। গোলমালের সুযোগে তারা নিজেদের অসৎ উদ্দেশ্যগুলো চরিতার্থ করার প্রয়াস পায়। তখন আইনশৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়। যারা দুর্বল, তাদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়, সেগুলো প্রতিরোধের ক্ষমতা তাদের থাকে না। এসব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি সার্বিকভাবে খারাপ করে তোলে, যা পুনরুদ্ধার করা দীর্ঘ সময়ের ব্যাপার। বাংলাদেশের জনগণ এ ধরনের কোন্দলের রাজনীতি দেখতে চায় না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে জনগণকে আরও সোচ্চার হতে হবে। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্বের ওপর চাপ তৈরি করতে হবে। রাজনীতিবিদদেরও বুঝতে হবে, এ সমস্যা তাঁরাই তৈরি করেছেন। তাঁরাই যদি এর সমাধান না করেন, তাহলে রাজনীতির বাইরে যাঁরা আছেন বা দেশের বাইরে যাঁরা আছেন, তাঁদের পক্ষে এর সমাধান করা সম্ভব হবে না।এ অবস্থায় সরকার যদি একতরফা নির্বাচন করে, তাহলে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে সেই নির্বাচনের ফল দেশের বাইরে ও ভেতরে কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। এরপর সরকারের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত করা কঠিন হবে। আমি আশা করব, দুটি জোটেরই এই উপলব্ধি হবে যে দেশের স্বার্থে তাদের একটা শান্তিপূর্ণ মীমাংসায় আসা খুবই প্রয়োজন।তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে সমঝোতা হবে বলে মনে হয় না। আমাদের রাষ্ট্রব্যবস্থার একটা দুর্বলতা আমাদের সংবিধানের মধ্যে প্রতিফলিত হয়ে আছে। এ ধরনের বড় প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মীমাংসা না হলে গণভোটের মাধ্যমে তার মীমাংসা করার ব্যবস্থা রাখা উচিত ছিল সংবিধানে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সংবিধানে সে রকম কোনো বিধান নেই। কিন্তু পরিস্থিতি বলছে, তা থাকা উচিত। এটা রাজপথে শক্তি প্রদর্শনের ওপর ছেড়ে রাখা উচিত নয়। দেশের মানুষ যে ধরনের ব্যবস্থা চায়, তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হলে মুখোমুখি সংঘাত এড়ানো যেত। তবে গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে হয়তো কিছু কিছু সমস্যা দেখা দেবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। আমি মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে এবং নিরপেক্ষ রাখতে পারলে একটা ভালো গণভোট করা সম্ভব। গণভোটে কী প্রস্তাব যাবে, তা ঠিক করার ভার বিরোধী দলকেই দেওয়া উচিত। গণভোট ছাড়া কোনো গ্রহণযোগ্য সমাধানের পথ আর দেখছি না।