অনিশ্চয়তার দোলাচলে মুন কমপ্লেক্স
ইসলামপুরের ওয়াইজঘাট রোডের মুন কমপ্লেক্সের জায়গার মালিকানা নিয়ে মামলার পরিপ্রেক্ষিতেই এসেছে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার ঐতিহাসিক রায়টি। সামরিক ফরমান আর তাকে বৈধতা দেওয়া পঞ্চম সংশোধনীর কারণেই মুন কমপ্লেক্সের জায়গা ফেরত পাচ্ছিল না বাদী ইতালিয়ান মার্বেল ওয়ার্কস। তাই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) ২ ফেব্রুয়ারি আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় জায়গা ফেরত পেতে আর কোনো বাধা রইল না ইতালিয়ান মার্বেল ওয়ার্কসের।মুন কমপ্লেক্সের সামনে থাকা সাইনবোর্ডের নিচে ছোট অক্ষরে লেখা আছে, এটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একটি সম্পত্তি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছ থেকে দায়িত্ব নিয়ে নির্মাণপ্রতিষ্ঠান বাবুলী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড এরই মধ্যে বিপণিবিতান নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে। আবার তাদের কাছ থেকে দোকানের পজেশন কিনে অনেকে দোকান চালু করেছে। ভূমির মালিকানা বদলে গেলে মুন কমপ্লেক্সের কী হবে—এ নিয়ে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে দোকানমালিক, নির্মাণপ্রতিষ্ঠান ও কল্যাণ ট্রাস্ট। অনুসন্ধানে জানা যায়, ১৯৭২ সালে ওয়াইজঘাটের মুন প্রেক্ষাগৃহ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে এটি পরিচালনা করে আসছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। ২০০১ সালে মুন প্রেক্ষাগৃহের জায়গায় বহুতল বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এটি নির্মাণের দায়িত্ব পায় নির্মাণপ্রতিষ্ঠান বাবুলী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড। শর্তানুযায়ী, ভবন নির্মাণের বিনিময়ে সব দোকান বিক্রির অর্থ নেবে নির্মাণপ্রতিষ্ঠান। আর দোকানিদের কাছ থেকে মাসে মাসে জমিদারি ভাড়া আদায় করবে কল্যাণ ট্রাস্ট। ২০০৫ সালে বিপণিবিতানের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনো বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। বিপণিবিতানটি বুুঝে পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। তবে বিপণিবিতানের পঞ্চমতলা পর্যন্ত অনেক দোকানে প্রায় ১০ মাস ধরে বেচাকেনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানমালিক জানান, দোকান কিনে তাঁরা এখন চিন্তার মধ্যে আছেন। ভূমির মালিকানা বদলে যাওয়ায় তাঁদের দোকানের কী হবে? মুন কমপ্লেক্স ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক বলেন, ‘ভূমির মালিকানা বদলে গেলে আমাদের কোনো আপত্তি নেই। নতুন মালিককেই আমরা জমিদারি ভাড়া দেব। কেউ যদি আমাদের উচ্ছেদ করতে আসে, তাহলে আমরা আইনের আশ্রয় নেব। তবে ভবন নির্মাণপ্রতিষ্ঠান মৌখিক আশ্বাস দিয়েছে যে আমাদের কোনো সমস্যা হবে না।’বাবুলী কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) আবুল খায়ের বলেন, ‘দোকানদারদের টেনশন করার কোনো কারণ নেই। সরকারি প্রতিষ্ঠান আমাদের ভবন নির্মাণের দায়িত্ব দিয়েছিল। এখন সরকার তো একটা ব্যবস্থা করে দেবেই।’মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে মোহাম্মদ আলী শিকদার জানান, উচ্চ আদালতের রায় অনুযায়ী, মুন প্রেক্ষাগৃহের জায়গা এখন আগের মালিকের পাওয়ার কথা। মুন কমপ্লেক্স ও এর ভূমির মালিকানাসংক্রান্ত পরিস্থিতি জানিয়ে সম্প্রতি তাঁরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তাঁরা।এ বিষয়ে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। আজমালুল হোসেনের সহযোগী ব্যারিস্টার সিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাদীর দখল বুঝে পাওয়ার প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে।’