অনিশ্চয়তায় জারদারির ভবিষ্যৎ
ক্রমেই অনিশ্চয়তার দিকে যাচ্ছে পাকিস্তান সরকারের ভবিষ্যৎ। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচারপ্রক্রিয়া শুরু করার পদক্ষেপ নেওয়ায় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, পাকিস্তানে নেতৃত্বের পরিবর্তন আসতে যাচ্ছে।ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে জারদারির বিরুদ্ধে অর্থ পাচার মামলাটি পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু হওয়ায় ২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। এখন নতুন করে মামলাটি চালু হলে পিপিপি সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে গতকাল সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, তবে সিদ্ধান্ত হয়নি। শুনানি পরবর্তী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।বিশ্লেষকেরা মনে করছেন, পাকিস্তানে সামরিক আইন জারির সম্ভাবনা আপাতত নেই। তবে সাংবিধানিক প্রক্রিয়ায় সরকারকে উত্খাত করা হতে পারে। দেশের ইতিহাসে ভয়াবহতম বন্যার পর পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতায় জনগণের মধ্যে রোষের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সুষ্ঠুভাবে ত্রাণ তত্পরতা চালানোর ফলে সামরিক বাহিনীর প্রতি জনগণের আস্থা বেড়েছে। এটিও আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত পাকিস্তানের রাজনীতিতে বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিতে পারে।এদিকে উদ্ভুত পরিস্থিতিতে গতকাল সোমবার জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাবাহিনী প্রধান জেনারেল পারভেজ কিয়ানি। বৈঠকে সংবিধান অনুযায়ী দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা এবং সব সমস্যা সমাধানে একতাবদ্ধ হয়ে কাজ করার সংকল্প ব্যক্ত করেন তাঁরা। দ্য নিউজ অনলাইন।