অনিশ্চয়তায় ভাষানটেক প্রকল্প
রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্প’ বাস্তবায়নের চুক্তি বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (এনএসপিডিএল) সঙ্গে করা চুক্তি বাতিলের প্রস্তাবে অনুমোদন চেয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী চুক্তি বাতিল করার বিষয়ে অনুমোদন দেন। ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ সোমবার থেকেই চুক্তিটি বাতিলের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।চুক্তি বাতিল কেন: ভূমিমন্ত্রী রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, চুক্তির সব শর্ত ভঙ্গ করায় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এনএসপিডিএলের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘এখন আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এগোব।’মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিষ্ঠানটি প্রকৃত বস্তিবাসী ও নিম্ন আয়ের লোকদের ফ্ল্যাট না দিয়ে বাণিজ্যিক ভিত্তিতে প্রবাসীসহ উচ্চ আয়ের ব্যক্তিদের কাছে বেশির ভাগ ফ্ল্যাট বিক্রি করে বলে অভিযোগ রয়েছে। জানতে চাইলে ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি বিভিন্ন তদন্ত কমিটি ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়ায় পর ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি অবহিত করার পর গত বৃহস্পতিবার তিনি ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাতিলের প্রস্তাবে সম্মতি দেন। এখন আইনগত পদক্ষেপ নেওয়া হবে। যাঁরা ফ্ল্যাট কিনেছেন তাঁদের কী হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তাঁরা আসলেই বস্তিবাসী ও নিম্নবিত্ত কি না, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া ফ্ল্যাটের মূল্য হিসেবে কে কত দিয়েছেন, সেটাও দেখা হবে।ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় ১২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের কথা। এসব ফ্ল্যাট যে দামে বিক্রির জন্য সরকারের সঙ্গে চুক্তি করা হয়েছিল, তার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি করা হয়েছে।জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠান এনএসপিডিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, চুক্তিপত্রের মধ্যে কোথাও চুক্তি বাতিল করার কথা বলা নেই এবং চুক্তি বাতিল করার সুযোগও নেই। কোনো বিরোধ হলে সালিশ বোর্ডের মাধ্যমে তা আলোচনা করে সমাধান করার কথা। তিনি বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাব।’ তাঁর মতে, সরকারের সিদ্ধান্তের ফলে প্রকল্প বাস্তবায়ন দীর্ঘায়িত হবে, ফ্ল্যাট-মালিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাঁর দাবি, ভূমি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে চুক্তি বাতিলের সম্মতি নিয়েছে। অবশ্যই এনএসপিডিএলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল।সদ্য নিয়োগ পাওয়া প্রকল্প পরিচালক (উপসচিব) মাহমুদুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন গত বৃহস্পতিবার বিকেলে। এখন তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘প্রকৃত ফ্ল্যাট-মালিকেরা কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হন, তাঁদের যেন কোনো সমস্যা না হয়, তা আমরা বিবেচনায় রাখব।’ প্রকল্পের উদ্দেশ্য: অপরিকল্পিতভাবে রাজধানীতে যাতে কোনো বস্তি গড়ে না ওঠে, সে জন্যই ‘ঢাকা মহানগরের ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য রাজধানীর সরকারি জমিতে বহুতল ভবনে পুনর্বাসন নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প শুরু হয়। প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে এনএসপিডিএল ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি বেসরকারি বিনিয়োগকারী হিসেবে নির্বাচিত হয়।মিরপুর ১৫ নম্বর সেকশনের ভাষানটেকের থামালতোট ও লালাসরাই মৌজায় ৪৭ দশমিক ৯০ একর সরকারি জায়গায় এ প্রকল্প অবস্থিত। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর (বিএনপি-জামায়াত জোট আমল) ভূমি মন্ত্রণালয় ও এনএসপিডিএলের মধ্যে চুক্তি সই হয়। ২০০৪ সালের ১০ জানুয়ারি সরকার এ প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর করে এবং কার্যাদেশ দেয়। চুক্তি অনুযায়ী এ প্রকল্পে মোট ১২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণের কথা। এর মধ্যে ‘এ’ টাইপ ফ্ল্যাটের সংখ্যা সাত হাজার ৫৬০টি, যার আয়তন ২১৫ বর্গফুট। দাম হওয়ার কথা দুই লাখ টাকা। নিম্নবিত্তদের জন্য ‘বি’ টাইপ ফ্ল্যাটের সংখ্যা পাঁচ হাজার ৪০টি, যার আয়তন ৩৯৫ বর্গফুট। দাম হওয়ার কথা তিন লাখ ৫৫ হাজার টাকা। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৫০ কোটি টাকা। কিন্তু বর্তমানে এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা। ইতিমধ্যে ৮০০ পরিবার সেখানে বসবাস শুরু করেছে।তদন্ত প্রতিবেদন: প্রকল্পটি শুরুর পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ আসতে থাকে। ভূমি মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কমিটি তাদের অনুসন্ধান শেষে দেওয়া প্রতিবেদনে মন্ত্রণালয়কে জানায়, ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বিনিয়োগকারী সংস্থা এনএসপিডিএল বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। এ প্রতিষ্ঠান নিবন্ধন ফি, সেবা খাত, মসজিদের নামে চাঁদা, ফ্ল্যাটের অতিরিক্ত কাজ বাবদ অতিরিক্ত টাকা, পার্কিং ফিসহ বিভিন্ন অর্থ জোর করে আদায় করেছে এবং ইচ্ছামতো ফ্ল্যাটের দাম নির্ধারণ করে বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ফ্ল্যাট বিক্রির জন্য দেশ-বিদেশের ঠিকানা উল্লেখ করে প্রতিটি ফ্ল্যাটের জন্য নানাভাবে টাকা নিয়েছে। অথচ এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পে যাঁরা ফ্ল্যাট কিনেছেন, তাঁরা কেউই আগে ভাষানটেক বস্তিতে বসবাস করেননি। অভিযোগ: সরকারি-বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তিনামা অনুযায়ী প্রতিটি ‘এ’ টাইপ ফ্ল্যাটের মূল্য দুই লাখ টাকা এবং ‘বি’ টাইপ ফ্ল্যাটের মূল্য তিন লাখ ৫৫ হাজার টাকা নেওয়ার কথা। কিন্তু অভিযোগ আছে, ফ্ল্যাট নম্বর বিত/৪-১৩ থেকে ২২-০৩-২০০৮ তারিখ পর্যন্ত মোট চার লাখ ২৮ হাজার ৫০ টাকা দেওয়া হয়েছে; আজগর আলী বিশ্বাস (ফ্ল্যাট নম্বর বি১/৪-১৫) ১৬-১২-২০০৭ পর্যন্ত চার লাখ ৪৬ হাজার ৪৮৯ টাকা দিয়েছেন। মোবারক আলী (ফ্ল্যাট নম্বর বি২/৩-১৩) ১৯-০১-২০০৯ পর্যন্ত বিভিন্ন সময়ে চার লাখ ৭১ হাজার ৪৯০ টাকা দিয়েছেন। এ বিষয়ে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের সাবেক পরিচালক (উপসচিব) পুণ্যব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেক আগেই এ প্রকল্পের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপও পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এই সারসংক্ষেপে অনুমোদন দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।