অনিশ্চয়তায় স্থল সীমান্ত চুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির পর এবার আসাম গণপরিষদের বিরোধিতার কারণে ফের আটকে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের স্থল সীমান্ত চুক্তির প্রটোকল। গতকাল মঙ্গলবার রাজ্যসভায় প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনীর বিল আনতে গিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) গতকাল এ খবর জানায়।রাজ্যসভার বাজেট অধিবেশনে রেল মন্ত্রণালয়ের নিয়োগ-প্রক্রিয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে রেলমন্ত্রী পবন কুমার বানসাল এবং কয়লা ব্লক বরাদ্দে অনিয়মের অভিযোগে আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লাগাতার সোচ্চার রয়েছে। এমন এক উত্তপ্ত পরিবেশে দুই নিকট প্রতিবেশী দেশের জন্য গুরুত্বপূর্ণ বিলটি উত্থাপন করতে গেছে মনমোহন সিংয়ের সরকার।গতকাল সকালে রাজ্যসভার অধিবেশনে সালমান খুরশিদ ভারতীয় সংবিধান সংশোধনী (১১৯তম) বিল উত্থাপন শুরু করেন। তিনি বিলটি নিয়ে বক্তব্য দিতে শুরু করলে আসাম গণপরিষদের দুই সদস্য কুমার দীপক দাশ ও বীরেন্দ্র কুমার বৈশ্য হট্টগোল বাধিয়ে দেন। এ সময় তাঁরা দুজন বিলবিরোধী প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।হট্টগোলের একপর্যায়ে সালমান খুরশিদের হাত থেকে বিলের কপি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এই পরিস্থিতিতে সংসদবিষয়ক মন্ত্রী রাজীব শুক্লাসহ কংগ্রেসের কয়েকজন ওই দুই সদস্যকে নিবৃত্ত করেন। এমন হট্টগোলের মধ্যে বিলটি উত্থাপনের প্রক্রিয়া পুরোপুরি শেষ না করে নিজের আসনে বসে পড়েন সালমান খুরশিদ। আর হইচইয়ের মধ্যে রাজ্যসভার অধিবেশন সাময়িকভাবে মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার পি জে কুরিয়ান।অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর আসাম গণপরিষদের রাজ্যসভার দুই সদস্য দাবি করেন, বিলটি পাস হলে আসামে বিচ্ছিন্নতাবাদকে উসকে দেওয়া হবে, যা শেষ পর্যন্ত দেশের স্বার্থ ক্ষণ্ন করবে। এ আশঙ্কা থেকে তাঁরা সংবিধান সংশোধনী বিলটির বিরোধিতা করছেন।বীরেন্দ্র কুমার বৈশ্যর বরাত দিয়ে পিটিআই জানায়, সংবিধান সংশোধনীর বিষয়টি শুধু আসাম নয়, ভারতের সার্বভৌমত্বের জন্য প্রশ্ন তুলেছে।এদিকে, গত ২৫ এপ্রিল সংবিধান সংশোধনী বিলের প্রক্রিয়াগত অসংগতি উল্লেখ করে রাজ্যসভার সচিবের কাছে চিঠি পাঠায় বিজেপি। ৪০ বছর আগে কেশবানন্দ ভারতী মামলার উল্লেখ করে বিজেপির নেতা অরুণ জেটলি ওই চিঠিতে লিখেছেন, বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ের ব্যাপারে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন, বিলের খসড়ায় তা লঙ্ঘন করা হয়েছে। প্রসঙ্গত, দুই নিকট প্রতিবেশী দেশের দীর্ঘ চার দশকের অমীমাংসিত সমস্যা সুরাহার জন্য ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলটি সই হয়। এই প্রটোকল বাস্তবায়িত হলে ভারতের অপদখলে থাকা বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের কাছে থাকা বেশ কিছু জমি বাংলাদেশকে ফেরত দিতে হবে।