অনিয়ম ও মিথ্যা তথ্য দিয়ে টাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে পরিচালিত মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প (পিএলসিইএইডি-২) নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়নকারী বেসরকারি সংস্থাগুলো (এনজিও) যেসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষা দিয়েছে, সেগুলোতে নির্ধারিত উপকরণ দেওয়া হয়নি। যাঁরা প্রশিক্ষণ দিয়েছেন তাঁদেরও প্রাপ্য ভাতা দেওয়া হয়নি। অনেক কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধও থাকে। অথচ সরকারের কাছ থেকে নির্বাচিত এনজিওগুলো মিথ্যা তথ্য দিয়ে টাকা তুলছে। ব্যুরোর পরিদর্শন প্রতিবেদন এবং প্রথম আলোর অনুসন্ধানে এসব চিত্র পাওয়া গেছে। জানতে চাইলে ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে বলেন ‘আমাদের কাছেও বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে। কিন্তু অভিযোগ পাওয়ার পর আমরা যখন তদন্তে লোক পাঠাই, তখন কেউ মুখ খোলেন না।’ দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে জীবনধারণের জন্য দক্ষতা প্রদানের ব্যবস্থা করতে ‘পিএলসিইএইডি-২’ গ্রহণ করে সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। ২০০৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে তিন পর্যায়ে দেশের ২৯টি জেলার ২১০টি উপজেলার সাত হাজার ১৮১টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। গত মাসে (এপ্রিল) শেষ পর্যায়ের ১০ জেলার কাজ শেষ হয়েছে। এখন টাকা-পয়সার হিসাব-নিকাশ চলছে। অনুসন্ধানে দেখা গেছে, টাঙ্গাইল, পঞ্চগড়, মৌলভীবাজার, চট্টগ্রাম, শেরপুরসহ শেষ পর্যায়ের কয়েকটি জেলায় সঠিকভাবে কাজ হয়নি। এই ১০ জেলার আগেও অনিয়মের কারণে কয়েকটি জেলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেভাবে অনিয়ম: নিয়মানুযায়ী প্রতি ট্রেডের জন্য প্রতি কেন্দ্রে বাস্তবায়নকারী এনজিওগুলোর পাঁচ হাজার ৭০০ টাকার উপকরণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে নামকাওয়াস্তে। কোনো কোনো কেন্দ্রে দেওয়াই হয়নি। আর ট্রেড প্রশিক্ষকদের প্রতি ক্লাসে ২০০ টাকা করে মাসে ১৬ দিনে তিন হাজার ২০০ টাকা করে দেওয়ার কথা, কিন্তু বেশির ভাগ কেন্দ্রেই দেওয়া হয়েছে এক হাজার ৫০০ টাকা করে। শিক্ষক সহায়কদেরও কম টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র তৈরির ঘর বাবদ ২৫ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় তিন হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। শিক্ষার্থীদের খাতা-কলমও পর্যাপ্ত দেওয়া হয়নি। সরকার বিভিন্ন সময়ে এসব কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে দেখেছে। ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী গত জানুয়ারি মাসে শতভাগ কেন্দ্র পরিদর্শন শুরু হয়। এর মধ্যে টাঙ্গাইলের পরিদর্শন শেষও হয়ে যায়। সেখানে নানা অনিয়ম পাওয়ার পর আকস্মিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই পরিদর্শনের কাজ বন্ধ করে দেয়। অভিযোগ ওঠে, পরে সময়ক্ষেপণ করে মন্ত্রণালয়ের নির্দেশে ‘পছন্দমতো’ পরিদর্শন করা হয়। তাতে প্রকৃত চিত্র আসেনি। প্রকৃত চিত্রে ভয়াবহ অনিয়ম ধরা পড়ত বলে জানিয়েছেন ব্যুরোরই কয়েকজন কর্মকর্তা। বিভিন্ন পরিদর্শন প্রতিবেদন থেকে জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কয়েকটি কেন্দ্রে কোনো কোনো ট্রেডের জন্য কোনো উপকরণই দেওয়া হয়নি। আবার একটি কেন্দ্রে দর্জি-বিজ্ঞান ট্রেডের উভয় শিফটে আনুমানিক তিন হাজার টাকা মূল্যোর উপকরণ দেওয়া হয়। অথচ প্রতি শিফটে দেওয়ার কথা পাঁচ হাজার ৭০০ টাকার উপকরণ। শ্যালো মেরামত ট্রেডে দেওয়া হয় আনুমানিক ৫০০ টাকার উপকরণ। অথচ পঞ্চগড়ের সহকারী পরিচালক সরকারের কাছে যে হিসাব দিয়েছেন, তাতে প্রতিটি ট্রেডে পাঁচ হাজার ৭০০ টাকার উপকরণ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের অক্টোবর মাসে এক পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, একটি কেন্দ্রের রাতের শিফট ২৫ দিন বন্ধ ছিল। আরও দুটি কেন্দ্র অরক্ষিত পাওয়া যায়। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেড প্রশিক্ষকদের সম্মানী দেওয়া হয় মাসে এক হাজার ৪০০ টাকা করে। সেখানকার প্রশিক্ষকেরা জানেনই না ক্লাসপ্রতি ২০০ টাকা করে তাঁদের প্রাপ্য। তবে এখানে উপকরণ বিতরণ ও কেন্দ্রগুলোর মান তুলনামূলক ভালো।গত ফেব্রুয়ারি মাসে সরেজমিন দেখা যায়, টাঙ্গাইলের সখীপুরে পিএলসিইএইডি-২-এর কার্যক্রম ছয় মাস বন্ধ ছিল। ‘আরবান’ নামের একটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে উইমেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) নামের একটি এনজিও সেখানে প্রকল্প বাস্তবায়ন করে। শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের চাপে ‘উইডু’ নামের ওই সংস্থাটি সখীপুরের কার্যালয়টি গুটিয়ে চলে গেছে। উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৫টি কেন্দ্রে ১০৫ জন প্রশিক্ষক ও শিক্ষা সহায়িকা ছয় মাস ধরে ভাতা ও উপকরণের টাকা পাননি। গত বছরের ২০ জুন এখানে প্রকল্প চালু হওয়ার পর দুই মাস চললেও পরের ছয় মাস ধরে শিক্ষকেরা ভাতা ও উপকরণের টাকা পাননি। ফলে অর্থের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের আবদুল বাছেদের বাড়ির কেন্দ্রে রাতে পড়ানোর জন্য কেরোসিন কেনার টাকা, মাসিক সভার খরচের টাকা, পত্রিকার টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। শিক্ষক কাজী আবদুস সামাদ বলেন, ‘বাধ্য হয়ে নিজের পকেটের টাকা দিয়ে এসব পরিশোধ করি। ছয় মাসের বকেয়া বেতনের জন্য সখীপুর অফিসে কমপক্ষে ২০ বার গিয়েছি, তার পরও পাইনি।’ কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর গ্রামের আফজালের বাড়ির কেন্দ্রের অবস্থা একই। ওই সংস্থার (উইডু) উপজেলা সমন্বয়কারী মোফাজ্জল হোসেনকে না পেয়ে সুপারভাইজার মোতাকাব্বির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টাকার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই, আনোয়ারাসহ অন্যান্য জায়গায়ও বিভিন্ন সমস্যা দেখা গেছে। অভিযোগ আছে, বাস্তবায়নকারী এনজিও নির্বাচনের সময়ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়। অধিক যোগ্য এনজিওকে বাদ দিয়ে তুলনামূলক কম যোগ্য এনজিওকে কাজ দেওয়া হয়। এ ক্ষেত্রে ব্যুরোর উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার হাত ছিল বলে অভিযোগ উঠলে এ নিয়ে তদন্তও হয়। পরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ইকবাল গফুর)।