অনিয়ম দূর করতে প্রশাসকের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এক সপ্তাহের মধ্যে গাড়ি নিয়ে বৈষম্য ও অনিয়ম দূর করবেন বলে জানিয়েছেন।গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা সিটি করপোরেশন, কর্মকর্তাদের গাড়িবিলাস’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসক জিল্লার রহমান বলেন, ‘প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, এমন কথা বলব না।’ তিনি বলেন, প্রশাসক হিসেবে সরকার তাঁকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঠিয়েছে। তিনি পদের মর্যাদা ক্ষুণ্ন করেননি এবং করবেনও না। তিনি সৎ ও নির্ভেজাল থাকার চেষ্টা করেন এবং গাড়ি নিয়ে বৈষম্য ও অনিয়ম দূর করবেন।প্রশাসক বলেন, তবে সরকারের একজন অতিরিক্ত সচিব হিসেবে তিনি একটি সার্বক্ষণিক গাড়ি পান। তাঁর আগের কর্মক্ষেত্র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ছেড়ে আসার সময় তিনি দামি গাড়িটিও ছেড়ে এসেছেন। অনেকেই ছেড়ে আসেন না। এ কথাটি প্রতিবেদনের কোথাও নেই।জিল্লার রহমান বলেন, কর্মদিবসে তিনি সকালে গাড়ি নিয়ে তাঁর কার্যালয়ে চলে আসেন। তাঁর পরিবার হয়তো মাঝেমধ্যে গাড়ি ব্যবহার করতে পারে। সে জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারে এক টাকা হিসাবে তাঁর পরিবার যত কিলোমিটার পথ পাড়ি দেবে, হিসাব করে সে অর্থ তিনি সরকারি কোষাগারে জমা দেবেন। এদিকে গতকাল ডিসিসির নগর ভবনে গিয়ে পরিবহন পুলে আগের তুলনায় কম গাড়ি দেখা গেছে। প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসারের ব্যবহূত পাজেরো গাড়িটি (১১-৪৬১১) গ্যারেজে দেখা যায়নি। প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান-উল ইসলামকে তাঁর কর্মস্থলে পাওয়া যায়নি। প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় তাঁর থাকার কথা ছিল। সেখানেও তিনি ছিলেন না। তাঁর দপ্তর থেকে জানানো হয়, অফিসের কাজে তিনি বাইরে আছেন।ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবহন বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, প্রশাসন ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পরিবহন বিভাগকে গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।