অনিয়মের অভিযোগ, সমন্বয়হীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগের প্রায় আট মাসের মধ্যেই এক জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। পর্যাপ্ত ক্ষমতা না থাকায় এক প্রশাসক নিজেকে ‘নিরস্ত্র নিধিরাম’ হিসেবে উল্লেখ করছেন। কেউ কেউ বলছেন, সমন্বয়হীনতায় কাজ করা যাচ্ছে না। তহবিল সংকটের কথাও বলা হচ্ছে। প্রায় সবাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জেলা পরিষদ গঠনের পক্ষে মত দিয়েছেন। দেশের পাঁচ জেলা পরিষদে সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। দায়িত্ব গ্রহণের সাড়ে সাত মাসের মধ্যেই প্রবীণ এই নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা পরিষদের ১২ লাখ টাকা খরচ করে নিজের ও সাংসদের নামে গ্রামের বাড়ির প্রবেশপথে তোরণ নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।জেলা পরিষদ হিসাবরক্ষকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রশাসকের গ্রামের বাড়ি আখাউড়ার রানীখারে যাওয়ার প্রবেশমুখ ধরখার বাসস্ট্যান্ডে তাঁর নিজের নামে পাঁচ লাখ টাকা ব্যয়ে একটি তোরণ নির্মাণ করার জন্য দরপত্র আহ্বান করা হয়। একই সঙ্গে তিনি স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সন্তুষ্ট করতে তাঁর বাড়ির প্রবেশমুখ সুলতানপুর বাসস্ট্যান্ডেও সাত লাখ টাকা ব্যয়ে তোরণ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেন। তাঁর বিরুদ্ধে গত জুলাই মাসে জেলা পরিষদে তিনজন এমএলএসএস নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এই অনিয়ম নিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, জেলা পরিষদের প্রশাসকের প্রভাবে পরে ওই প্রধান নির্বাহী কর্মকর্তাকেই ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্যত্র বদলি করা হয়।উন্নয়ন কাজের বিল দিতে ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণেরও অভিযোগ উঠেছে। জেলা পরিষদের তালিকাভুক্ত কয়েকজন ঠিকাদার জানান, উন্নয়নকাজের বিল পেতে এক শতাংশ হারে প্রশাসককে উৎকোচ দিতে হয়। তা না হলে বিলের কাগজে সই করেন না তিনি। জেলা পরিষদের টাকায় তোরণ নির্মাণ ও এমএলএসএস নিয়োগে অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ এমদাদুল বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ধরখারে তোরণ নির্মাণ হচ্ছে। আমি না করার পরও এলাকার লোকজন তোরণে আমার নাম ব্যবহার করছে। আর এমএলএসএস নিয়োগ দেওয়ার সময় জেলা পরিষদের সবাই উপস্থিত ছিলেন। সেখানে কোনো অনিয়ম হয়নি।’ ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ পর্যন্ত কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা-পয়সা নিইনি। এসব অভিযোগ মিথ্যা।’খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কাজীপাড়ায় গোকর্ণ রোডের পাশে জেলা প্রশাসকের বাড়ি। তাঁর বাড়ি থেকে মাত্র ৫০-৬০ গজ দূরে জেলা পরিষদের অধীন গোকর্ণ-ব্রাহ্মণবাড়িয়া সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বেশ কয়েকটি বড় বড় খানাখন্দ। এসব খানাখন্দ টপকে তিনি প্রতিদিন তাঁর কার্যালয়ে আসা-যাওয়া করলেও তা মেরামতে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেননি।চুয়াডাঙ্গা: দায়িত্ব গ্রহণের সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক অবসরপ্রাপ্ত মেজর আলীউজ্জামান জোয়ারদার সাংবাদিকদের বলেছিলেন, ‘জনগণের কাঙ্ক্ষিত চাহিদা মেটানোর সর্বাত্মক চেষ্টা করবেন। তিনি বলেছিলেন ‘জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতেই চুয়াডাঙ্গায় এসেছি এবং এই দায়িত্ব নিয়েছি।’ কিন্তু এই কয়েক মাসেই তিনি ব্যক্তিগতভাবে হতাশ হয়ে পড়েছেন। একান্ত ঘনিষ্টজনদের কাছে তিনি নিজেকে ‘নিরস্ত্র নিধিরাম’ হিসেবে মূল্যায়ন করেন।জানতে চাইলে আলীউজ্জামান জোয়ারদার প্রথম আলোকে বলেন,‘আমি প্রশাসক নয়, জনগণের প্রতিনিধি হতে চেয়েছিলাম। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমার কাছে আসে। কিন্তু কারও প্রত্যাশা পূরণ করতে পারি না।’ তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নতুন অর্থবছরে এখনো বাজেট হাতে পাইনি। নতুন বাজেট পেলে মানুষের প্রত্যাশা অনুযায়ী রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ জনকল্যাণমুখী কাজ করার ইচ্ছা রয়েছে।’জেলা পরিষদ সূত্র জানায়, গত অর্থবছরে এই দপ্তরের মোট আর্থিক বরাদ্দ জেলার দুটি সংসদীয় আসনে ভাগ করে দেওয়া হয়। দুুই সাংসদের তালিকা অনুযায়ী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরের পর এসব প্রকল্পের ফাইলে শুধু ‘অনুমোদিত’ হিসেবে স্বাক্ষর করেন প্রশাসক আলীউজ্জামান। জেলা পরিষদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পদে থাকলেও নিজেকে ক্ষমতাহীন মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের সাত মাসেও এখনো আর্থিক বিষয়ে চেকে স্বাক্ষর করার অনুমোদন মেলেনি। নাটোর: সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে নাটোর জেলা পরিষদের উন্নয়নকাজ এগোচ্ছে না বলে মনে করেন জেলা পরিষদের প্রশাসক। জেলা পরিষদ সূত্রে জানা যায়, গত সাত মাসে নাটোর জেলা পরিষদের অনুকূলে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ১১ লাখ টাকা জেলা পরিষদ নিজস্ব পছন্দের প্রকল্পে বাস্তবায়ন করতে পারবে। বাকি অর্থ মন্ত্রণালয় নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করার নির্দেশ দিয়েছে।প্রশাসক মো. সাজেদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে মানুষ নানা সমস্যার কথা বলে। আমি তা সমাধানের জন্য কিছু প্রতিশ্রুতিও দিই। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অর্থ ছাড় করা হয় না। ফলে আমার পক্ষে প্রতিশ্রুতি রাখা সম্ভব হয়নি। এর পর থেকে আমি ওই সব প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ করে দিয়েছি।’সাজেদুর রহমান আরও বলেন, ‘জেলা পরিষদের নিজস্ব সম্পদ থেকে অনেক আয় করা সম্ভব। কিন্তু দীর্ঘদিনের অনিয়ম ও জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। যেমন নাটোরে জেলা পরিষদের এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ বিঘা জমি রয়েছে। এসব জমি বর্তমানে বেহাত হয়ে আছে। এগুলো উদ্ধার করা খুব সহজ কাজ নয়। কারণ এত বড় একটা প্রতিষ্ঠানে কোনো জরিপকারী (সার্ভেয়ার) নেই। আমি আসার পর এই পদে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি।’জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শরিফ উদ্দিন বলেন, ‘সমন্বয়হীনতার সমস্যা দীর্ঘদিনের। বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। আমরাও পরিষদকে গতিশীল করার চেষ্টা করছি।’ মুন্সিগঞ্জ: গত বছরের ২০ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. মহিউদ্দিন। জেলা পরিষদের একাধিক সূত্রে জানায়, পরিষদের যেকোনো কাজ তাঁর অনুমোদনেই হয়ে থাকে। তবে অনুমোদিত প্রকল্পের অর্থ ছাড়ের চেকবই স্বাক্ষরের ক্ষেত্রে প্রশাসকের ক্ষমতা নেই। চেকবই স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। জেলা পরিষদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রশাসক নিয়োগের ১৮০ দিনে মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এখনো হয়নি। এতে প্রশাসকদের ক্ষমতাও সীমিত রয়ে গেছে। ওই কর্মকর্তা বলেন, প্রশাসককে যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, তার সবটুকুই তিনি প্রয়োগ করেন। আলাপকালে মো. মহিউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের প্রশাসকের জন্য মনোনীত করেছেন। তার পর থেকেই যথাযথভাবে দায়িত্ব পালন করছি। কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আমি আসার পর মাওয়ায় জেলা পরিষদের ঘাট উদ্ধার করে ইজারা দিয়েছি।’ মৌলভীবাজার: ৩০ জুলাই মৌলভীবাজার জেলা পরিষদে গিয়ে কথা হয় পরিষদের প্রশাসক আজিজুর রহমানের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের জন্য কোনো বরাদ্দ নেই। বছরে চারটি কিস্তি দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর শেষ কিস্তিটি পাইনি। সিদ্ধান্ত ছিল, এটি একটি নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংস্থা হবে। কিন্তু পরবর্তী সময়ে তা আর হয়নি। আমলাতন্ত্র, নির্বাচিত প্রতিনিধি কেউ চায় না স্থানীয় সরকার শক্তিশালী হোক।’ তিনি অভিমত প্রকাশ করে বলেন, ‘সরাসরি জনগণের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া দরকার, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নয়। তা হলে সরকার বদল হলেও স্থানীয় সরকার উন্নয়নকাজ চালিয়ে যেতে পারবে।’(প্রতিবেদনটি তৈরির জন্য তথ্য সংগ্রহ করেছেন আকমল হোসেন, মৌলভীবাজার; মুক্তার হোসেন, নাটোর; শাহ আলম, চুয়াডাঙ্গা; তানভীর হাসান, মুন্সিগঞ্জ; শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া।)