অনিয়মের অভিযোগ অসত্য ও ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকার গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন অনিয়মকে অসত্য ও ভিত্তিহীন বলেছে গ্রামীণ ব্যাংক।গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন এতে স্বাক্ষর করেন।গ্রামীণ ব্যাংকের বক্তব্য প্রসঙ্গে যোগাযোগ করা হলে পর্যালোচনা কমিটির চেয়ারম্যান এ কে মনোয়ার উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেদন তৈরিতে যা করণীয় ছিল, কার্যপরিধির মধ্যে থেকে তা পালন করেছি। এখন এটা সরকারের কাছে জমা হয়েছে। কারও বক্তব্য আমরা খণ্ডন করতে যাব না।’সংবাদপত্রে পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক বলেছে, অদ্য (গতকাল) বিভিন্ন দৈনিক পত্রিকায় গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন বিষয়ে খবর প্রকাশ করে। বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে দেখা যায় যে, প্রতিবেদনে নরওয়ের দাতা সংস্থা নোরাডের অনুদানের অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হয়নি এবং বিষয়টি সরকারের সঙ্গে অনেক আগেই নিষ্পত্তি হয়ে গেছে। তা ছাড়া গ্রামীণ ব্যাংকের সুদের হার দেশের অন্যান্য ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সুদের হারের তুলনায় কম।গ্রামীণ ব্যাংক আরও বলেছে, ‘তবে পত্রিকায় প্রকাশিত খবরে কতিপয় অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। যেসব অনিয়মের উল্লেখ করা হয়েছে সেগুলো যাচাই করে দেখা গেছে যে সেগুলো অসত্য ও ভিত্তিহীন। যেহেতু প্রতিবেদনটি আমরা এখনো পাইনি, সেহেতু এ ব্যাপারে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। প্রতিবেদনটি হাতে পেলে এবং পত্রিকাগুলোর খবর বিশদভাবে পর্যালোচনা করে পরবর্তী সময়ে আমাদের বিস্তারিত মন্তব্য ও ব্যাখ্যা শিগগিরই সবাইকে অবহিত করা হবে।’