অনিয়মের অভিযোগ পেয়ে কাজ বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কারিগরি শর্ত পুরোপুরি পূরণ করেনি—এ রকম একটি কোরীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হতে পারে, এমন অভিযোগের ভিত্তিতে এই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ১ নভেম্বর এ কাজের দরপত্র খোলার কথা ছিল। কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে বড় প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।জানা গেছে, প্রকল্পের তিনটি প্রধান কাজের একটি হচ্ছে, পাইপলাইন স্থাপন। এ কাজের জন্য জাপানি প্রতিষ্ঠান মারবিনি কুবুতা ও দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান কোলন দরপত্র জমা দিয়েছে। এ কাজের জন্য ২০ বছরের কাজের অভিজ্ঞতার কথা থাকলেও কোরীয় প্রতিষ্ঠানটির আছে ১৭ বছরের। কিন্তু এ প্রতিষ্ঠানকেই চট্টগ্রাম ওয়াসা পাইপলাইন বসানোর জন্য নির্বাচন করছে, মারবিনি কুবুতা মন্ত্রণালয়ে এমন অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে নির্ধারিত দিনে আর্থিক প্রস্তাব না খুলতে বলা হয়। এ কাজের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ৫৫৭ কোটি টাকা।১ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের প্যাকেজ-২-এর (পাইপলাইন স্থাপন) আর্থিক প্রস্তাবসংক্রান্ত দরপত্রে মন্ত্রীর কাছে কিছু অভিযোগ এসেছে। এ অবস্থায় ওই দরপত্রের ব্যাপারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর্থিক প্রস্তাব না খোলার অনুরোধ করা হলো।’চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, চারটি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছিল। দুটি কারিগরি শর্ত পূরণ করায় তাদের মনোনীত করা হয়। একটি জাপানি প্রতিষ্ঠান স্থানীয় সরকারমন্ত্রীর কাছে অভিযোগ করেছে। এ জন্য মন্ত্রী পাইপলাইন-সংক্রান্ত দরপত্র না খোলার নির্দেশ দেন। তিনি এ নিয়ে একটি কমিটি করেছেন। কমিটি শিগগিরই কাজ শুরু করবে।চট্টগ্রাম ওয়াসার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমরা একই কাজ ১৩৭ কোটি টাকা কমে করতে পারলে অসুবিধা কোথায়? সরকারের সাশ্রয়ের কথাটিও আমাদের বিবেচনা করা উচিত।’জানা গেছে, জাপানি প্রতিষ্ঠান জাইকার আর্থিক অনুদানে ২০০৫ সালে এ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। শুরুতে এর ব্যয় ধরা হয় ৯০৭ কোটি টাকা। এর মধ্যে জাইকার সহযোগিতা ছিল ৬০০ কোটি টাকা। তবে পরে প্রকল্পটির সংশোধিত বাজেট এক হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত হয়।প্রকল্পের অন্য দুটি বড় অংশ হচ্ছে ২২০ কোটি টাকায় শোধনাগার স্থাপন (প্যাকেজ-১) ও ৯০ কোটি টাকায় জলাধার (রিজার্ভার) নির্মাণ (প্যাকেজ-৩)। ইতিমধ্যে একটি চীনা প্রতিষ্ঠান শোধনাগার স্থাপন ও দক্ষিণ কোরীয় একটি প্রতিষ্ঠান জলাধার নির্মাণের কাজ পেয়েছে।২০০৫ সালে জাপানের আর্থিক সহায়তায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় তিন বছর। রাঙ্গুনিয়ার পোমরায় এ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে প্রতিদিন ১৩ কোটি লিটার পানি শোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এর কাজ শুরু হয় ২০০৮ সালে। বর্তমান সরকারের সময় প্রকল্পের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণ শুরু হয়।