অনিয়মের অভিযোগে রেলের দুজন বরখাস্ত
কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগে পাকশী রেলওয়ে ডিভিশনের প্রধান সহকারীসহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলেন পাকশী রেলওয়ের প্রধান সহকারী রুহুল আমিন পাটোয়ারী ও পোড়াদহ রেলের আমিন (সার্ভেয়ার) নুরুল ইসলাম পাটোয়ারী। পাকশী রেলওয়ে কার্যালয় সূত্রে জানা যায়, পোড়াদহ স্বরূপদহ এলাকায় রেলের ধানী জমি ইজারা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি পাকা দালান করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হয়। গত সোমবার রেলের ঈশ্বরদীর ডিভিশনাল এস্টেট অফিসার কিরণ চন্দ্র রায় পোড়াদহ রেলের আমিন নুরুল ইসলামকে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পর দিন নুরুল ইসলাম যে প্রতিবেদন জমা দেন, সেখানে মাত্র ২৬টি ছোট ঘর থাকার কথা উল্লেখ করা হয়। পরে কিরণ চন্দ্র পাকশী থেকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সেখানে ৯৯টি পাকা স্থাপনা দেখতে পান। তিনি প্রথম আলোকে ডটকমকে বলেন, তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে রেল কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করেছে। কিরণ চন্দ্র রায় জানান, পাকশী ডিভিশনের আওতাধীন ২৫ হাজার ৯৮ একর জমি ছয় হাজার ৭৭২ জন ব্যক্তি দখল করে আছে। অবৈধভাবে দখল করার অভিযোগে তাঁদের নোটিশ দেয়া হয়েছে।এদিকে রেলওয়ের ধানী জমি ইজারা নিয়ে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করার অভিযোগে লিয়াকত আলী ও আবদুল মালেক নামের দুই ইজারাদারের বিরুদ্ধে গতকাল বিকেলে মিরপুর থানায় মামলা হয়েছে। পোড়াদহ রেলের কানুনগো জিয়াউল হক এ মামলা করেন। এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি আজ শুক্রবার তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত সেটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে। তদন্তে কিছু পেলে মামলা হিসেবে নেওয়া হবে।’