অনুকম্পা পেলেন ৯ দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার!
অবৈধ ঘোষিত সত্য ও জবাবদিহি কমিশনের (ট্রুথ কমিশন) কাছে দুর্নীতির কথা স্বীকার করা নয়জন সাব-রেজিস্ট্রারকে সরকার অনুকম্পা দেখিয়েছে। ফলে এসব কর্মকর্তা চাকরি থেকে ইস্তফা দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তাঁরা অবসরকালীন সব সুযোগ-সুবিধা পাবেন। অথচ এর আগে আইন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এসব কর্মকর্তাকে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে চাকরিচ্যুতির সুপারিশ করেছিল। আইনমন্ত্রী সে সুপারিশ অনুমোদনও করেছিলেন।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হলে কিংবা বিভাগীয় মামলার প্রক্রিয়াকালীন সরকারি কর্মকর্তা চাকরি থেকে ইস্তফা দিলে তা গ্রহণযোগ্য হবে না।আবার চলতি মাসেই ১৩ জন সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া সনদ নিয়ে চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এ শাস্তি দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জানায়, অনুকম্পা লাভকারী নয়জন সাব-রেজিস্ট্রার অবৈধ ঘোষিত সত্য ও জবাবদিহি কমিশনের কাছে নিজেদের দুর্নীতির কথা স্বীকার করে ২০০৮ সালে একবার অনুকম্পা পেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কমিশনকে অবৈধ ঘোষণা করায় ওই অনুকম্পা অকার্যকর হয়ে যায়। আইন মন্ত্রণালয়ের উপসচিব (নিবন্ধন) তাজুল ইসলাম জানান, ৯ জুন আত্মস্বীকৃত নয়জন দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইন অনুযায়ী চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় পদত্যাগ করেন। মন্ত্রণালয়ের সচিব এ পদত্যাগ অনুমোদন করেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হওয়ায় সচিব এ ইস্তফা অনুমোদন দেন। অনুকম্পাপ্রাপ্ত সাব-রেজিস্ট্রাররা হলেন: রাজবাড়ী সদরের হারুন অর রশিদ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আবদুল আওয়াল, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আবদুল জলিল, নারায়ণগঞ্জ সদরের আবদুস সামাদ মিয়া, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আবদুল বাতেন, পিরোজপুরের মঠবাড়িয়ার আবদুল জব্বার খান, নরসিংদীর রায়পুরা উপজেলার মোহাম্মদ আলী, ভোলা সদরের আনোয়ার হোসেন শেখ এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মো. শহিদুল্লাহ। আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, এর আগেই আত্মস্বীকৃত একজন কর্মচারী ও ১২ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম রাশেদুজ্জামান তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে অভিযোগের শুনানি গ্রহণ করেন তিনি।তদন্ত শাখা সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ১৩ জনকে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা। ৪ জুন আইনমন্ত্রী শফিক আহমেদ এ সুপারিশ অনুমোদন করে তা সরকারি কর্ম কমিশনে পাঠানোর আদেশ দেন।তথ্যানুসন্ধানে জানা যায়, আইনমন্ত্রীর অনুমোদন করা ওই সুপারিশের সারসংক্ষেপ পিএসসিতে পাঠানো হয়নি। কিন্তু হঠাৎ নয়জন সাব-রেজিস্ট্রার চাকরি থেকে ইস্তফা দেন এবং মন্ত্রণালয়ের সচিব তা গ্রহণ করেন। বাকি চারজনের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় তাঁরা ইস্তফা দেননি বলে জানা গেছে। জানতে চাইলে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, তাঁর মন্ত্রণালয় থেকে তাঁদের রেহাই দেওয়া হলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) আটকাতে পারবে। বিভাগীয় মামলায় ব্যবস্থা না নিলেও দুদক যেকোনো শাস্তির উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের মুখোমুখি করতে পারবে। প্রসঙ্গত, আইনমন্ত্রী আগে অনেকবার বলেছিলেন, প্রশাসনে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্য দুর্নীতিবাজরা বহাল: গত বছরের ২৭ জানুয়ারি সওজের প্রধান প্রকৌশলী করা হয়েছে ট্রুথ কমিশনে স্বেচ্ছায় দুর্নীতির দায় স্বীকার করা মো. শাহাবুদ্দিনকে। মুক্তিযোদ্ধা কর্মকর্তার চাকরির বয়স বাড়ানোর সুবাদে এখন তিনি স্বপদে বহাল রয়েছেন। তবে তাঁর দুর্নীতির বিষয়ে কী করা হবে, সে নির্দেশনার জন্য সংশ্লিষ্ট শাখা থেকে একটি নথি যোগাযোগমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্নীতির দায় স্বীকার করার পরও প্রকৌশলী আরিফুর রহমানকে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক করা হয়। আরেক প্রকৌশলী মোস্তাক হোসেনকে করা হয় সওজের পরিকল্পনা বিভাগের প্রধান।সোহরাব উদ্দিন মিয়াকেও বর্তমান সরকার পদোন্নতি দিয়ে সওজের প্রশাসন ও সংস্থাপন বিভাগের প্রধান করে। আবদুল আজিম জোয়ার্দারকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদমর্যাদায় বেশ কয়েকটি সড়ক নির্মাণ ও মেরামতসংক্রান্ত প্রকল্পের পরিচালক করা হয়।বন বিভাগ, তিতাস গ্যাস কোম্পানি, ডেসা, বিআরটিএ, বিআরটিসি, এলজিইডিসহ সরকারের অন্যান্য বিভাগের আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।