অনুচারা থেকে বীজ আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান অভাবের তাড়ানায় দিনমজুরি করেছেন। করেছেন গভীর নলকূপের অপারেটরের চাকরিও। অনেক কাঠখড় পুড়িয়ে ন্যাশনাল ব্যাংক থেকে আলুচাষের জন্য ঋণ নিতে সক্ষম হন তিনি। কিন্তু পথে বসে যান নিম্নমানের বীজের কারণে। ২০০৬ সালের শেষের দিকে তিনি টিস্যু কালচারের মাধ্যমে বীজ উত্পাদনের খোঁজ পান ও কাজে নামেন। তাঁর ভাগ্য বদলে যেতে থাকে। এ পর্যন্ত তিনি সাড়ে চার লাখ টাকার বীজ আলু বিক্রি করেছেন। প্রায় চার লাখ টাকার বীজ নিজের জমিতে লাগিয়েছেন। বাড়ি করেছেন। কিনেছেন একটা মোটরসাইকেলও। শুধু মোস্তাফিজ নন, টিস্যু কালচারের মাধ্যমে আলুর বীজ উত্পাদন রাজশাহীর পবা উপজেলার ঘিপড়া গ্রামের ২৫ জন প্রান্তিক চাষির ভাগ্য বদলে দিয়েছে। এবার ঘিপাড়া, ধর্মহাটা ও চৌবাড়িয়া—এই তিন গ্রামের কৃষক এক লাখ ২০ হাজার কেজি আলুর বীজ উত্পাদনের আশা করছেন। এর বাজারমূল্য হবে সাড়ে নয় কোটি টাকা। কৃষকদের এই বীজ আলু উত্পাদনের আন্দোলনে নামিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মুনজুুর হোসেন। এখন এই আন্দোলন রাজশাহী থেকে রংপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, পঞ্চগড়, কুমিল্লা ও মুন্সিগঞ্জে ছড়িয়ে পড়েছে। মুনজুর হোসেন আশা করছেন, টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে এবার কৃষক ও কোল্ড স্টোরেজের মালিক মিলে ৪৫ হাজার টন বীজ আলু উত্পাদন করবে। আর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) করবে মাত্র ১২ হাজার টন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে বীজ আলু আমদানিতে বাংলাদেশের স্থান এক নম্বর। প্রতিবছর ছয় লাখ মেট্রিক টন বীজ আলুর চাহিদা থাকে দেশে। এতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হয়। মুনজুর হোসেনের প্রত্যাশা, তাঁর এ আন্দোলন অব্যাহত থাকলে ২০১৫ সালের পর আর বাংলাদেশকে বিদেশ থেকে বীজ আলু আমদানি করতে হবে না। বীজের মালিক হবেন কৃষক। মোটা টাকার এ ব্যবসা চলে আসবে কৃষকের হাতে।জানা গেছে, ১৯৮৫ সালের দিকে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারকে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহারের জন্য একটি আধুনিক গবেষণাগার তৈরি করে দেয়। সেখান থেকে সামান্য পরিমাণে বীজ আলু উত্পাদন করা হতো। তখন সরকারিভাবে বলা হচ্ছিল, এত উচ্চমানের প্রযুক্তি সাধারণের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়।একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন মুনজুর হোসেন। ১৯৮৭ সালে তিনি প্রথম স্বল্পমূল্যে কৃষক পর্যায়ে ব্যবহার করার মতো লাগসই প্রযুক্তি উদ্ভাবন করেন। তিনি মাত্র ১০ লাখ টাকার মধ্যে গবেষণাগার তৈরি করার মতো একটি প্রযুক্তি দাঁড় করান। রাজশাহীর শেখ নিয়ামত উল্লাহ নামের একজন উদ্যোক্তা তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন। ১৯৯৬ সালে বেসরকারিভাবে দেশের প্রথম টিস্যু কালচার গবেষণাগার রাজশাহীতে স্থাপন করা হয়। মুনজুর হোসেনের ইচ্ছে ছিল যাঁরা আলুচাষি, তাঁরাই হবেন এই বীজের মালিক। এ সময় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় থেকে এর বিরোধিতা করে বলা হয়, অশিক্ষিত-অর্ধশিক্ষিত কৃষকেরা কিছুতেই এ প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না। তাঁরা এতে ক্ষতিগ্রস্ত হবেন। ফলে কৃষকদের উদ্বুদ্ধ করতে তিনি হিমশিম খেতে লাগলেন। ১৯৯৯ সালে তাঁর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর পবা উপজেলার সপুরা এলাকার কৃষক মনির হোসেন এগিয়ে আসেন। তিনি মুনজুর হোসেনের কাছ থেকে অনুচারা (প্লান্টলেট) নিয়ে সাত কাঠা জমিতে রোপণ করেন। তাঁর সাফল্য দেখে আস্তে আস্তে অন্য কৃষকেরা এগিয়ে আসেন। মনির হোসেন প্রথম আলোকে বলেন, এবার তিনি ২০০ বিঘা জমিতে বীজ আলুর চাষ করেছেন। আশা করছেন, প্রায় ৪৮০ টন বীজ আলু পাবেন তিনি। শেখ নিয়ামত উল্লাহর পরে মুনজুর হোসেন ব্র্যাক, প্রশিখা, বায়োটেক, স্কয়ার, রাজশাহীর বেঙ্গল সিডস প্রাইভেট লিমিটেড, জেনেটিক সিডস লিমিটেড, নীগার কোল্ড স্টোরেজ, রাজ কোল্ড স্টোরেজ, রহমান কোল্ড স্টোরেজ, আমান কোল্ড স্টোরেজকে প্রযুক্তি হস্তান্তর করেন বলে জানান। ২০০৩ সালে বিএডিসির রাজশাহী উদ্যান ও উন্নয়নকেন্দ্রে মুনজুর হোসেনের সহায়তায় টিস্যু কালচার গবেষণাগার স্থাপন করে। বর্তমানে দেশের ৩৫টি গবেষণাগারে এ পদ্ধতিতে বীজ আলু উত্পাদন করা হচ্ছে। তার মধ্যে রাজশাহীতেই রয়েছে ১০টি গবেষণাগার। সারা দেশে ১৬৪ জন চাষি এ পদ্ধতিতে বীজ আলু উত্পাদন করছে। এ কাজে এখন পর্যন্ত ৪৭৫ জন কৃষককে বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই মুনজুর হোসেন দুস্থ শিশুদের পড়াশোনর জন্য আলো আশা নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই বিদ্যালয় পরিচালনার জন্য তিনি ২০০৮ ‘আকাফুজি এগ্রোটেকনোলজিস’ নামের একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই এখন অনুচারা তৈরি করা হচ্ছে। ওই গবেষণাগারকে কেন্দ্র করে একটি কৃষক প্রশিক্ষণকেন্দ্র করা হচ্ছে। সেখানে একসঙ্গে ১৮০ জন কৃষক প্রশিক্ষণ নিতে পারবেন। ৪০ জন কৃষকের থাকা-খাওয়ার ব্যবস্থা হবে সেখানে। গত বছর অক্টোবর মাসে ‘সিডস পটেটো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন করা হয়েছে। মুনজুর হোসেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। এর সদস্যসংখ্যা ৮৫০।বীজ আলু যেভাবে হয়: টিস্যু কালচার প্রযুক্তিতে গবেষণাগারে অনুচারা তৈরি করা হয়। এ চারা নেট হাউসে লাগিয়ে যে আলু পাওয়া যায় তার নাম ব্রিডার বা মাতৃবীজ। মাতৃবীজ লাগালে হয় প্রিফাউন্ডেশন বীজ। প্রিফাউন্ডেশন বীজ থেকে হয় ফাউন্ডেশন বীজ। ফাউন্ডেশন বীজ লাগিয়ে পাওয়া যায় সার্টিফাইড বীজ। বীজ তৈরির এই প্রক্রিয়া সম্পন্ন করতে চার বছর সময় লেগে যায়।সরেজমিনে: রাজশাহীর পবা উপজেলা ঘিপাড়া গ্রামে দিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ আলুর খেত। কোথাও কোথাও সবুজ নেট হাউস চোখে পড়ে। এই জাল দিয়ে ঘেরা খেতেই তৈরি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির আলুর বীজ। নেট হাউসের মধ্যেই অনুচারা বাড়ে। এতে কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না।গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে মনে হবে, তাঁরা একেকজন কৃষিবিদ। গ্রামের স্বল্পশিক্ষিত মানুষটিও অভাবনীয় এ প্রযুক্তিটি জেনে গেছেন। নেট হাউসের মধ্যে অনুচারা বড় করার কথা থাকলেও গ্রামের একজন চাষি নেট হাউসের বাইরেও পরীক্ষা করছেন। বীজ আলুর চাষ নিয়ে গ্রামজুড়ে যেন উত্সবের আমেজ। গ্রামের যুবক শাহীন সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু দেখাদেখি তিনিও জেনে গেছেন, এ প্রযুক্তিতে বীজ উত্পাদনের মন্ত্র। তিনি এবার তাঁর ছয় কাঠা জমিতে দুই হাজার ২০০ অনুচারা লাগিয়েছেন। আশা করছেন, এ থেকে তিনি প্রায় ৪০০ কেজি মাতৃবীজ পাবেন। এগুলো ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হবে।মোস্তাফিজ এবার ১০ হাজার অনুচারা লাগিয়েছেন। সেখান থেকে তাঁর দুই হাজার কেজি মাতৃবীজ হতে পারে। তিন বিঘা জমিতে মাতৃবীজ লাগিয়েছেন। সেখান থেকে পেতে পারেন ২০০ মণ প্রিফাউন্ডেশন বীজ। ছয় বিঘা জমিতে লাগিয়েছেন প্রিফাউন্ডেশন বীজ। এখান থেকে ফাউন্ডেশন বীজ পেতে পারেন ৪৮০ মণ এবং এক বিঘা জমিতে ফাউন্ডেশন বীজ করেছেন। সেখান থেকে ৮০ মণ সার্টিফাইড বীজ পেতে পারেন। ঘিপাড়া গ্রামের স্কুলশিক্ষক জাকির হোসেন প্রথম মুনজুর হোসেনের কাছ থেকে এ প্রযুক্তিটি নিয়ে গ্রামে ছড়িয়ে দিয়েছেন। জাকির হোসেন বলেন, ঘিপাড়া, ধর্মহাটা ও চৌবাড়িয়া গ্রামের যে পরিমাণ অনুচারা লাগানো হয়েছে, তা থেকে এবার সাড়ে নয় কোটি টাকার মাতৃবীজ পাওয়া যেতে পারে। তিনি জানান, আরও লাগানো হয়েছে দুই টন মাতৃবীজ, যা থেকে ৪০ লাখ টাকার প্রিফাউন্ডেশন বীজ পাওয়া যেতে পারে।বাগমারা উপজেলার জামালপুর গ্রামের কলেজশিক্ষক আবু সালেহ মো. ফাত্তাহ বলেন, মাঠে কাজ করার সময় পান না বলে নিজের জমি বর্গা দিতেন। এবার তিনি নিজেই বীজ আলু করছেন। তিনি এবার এক হাজার অনুচারা, ৫০ কেজি মাতৃবীজ, ১৬০ কেজি প্রিফাউন্ডেশন বীজ ও ১৬০ কেজি সার্টিফাইড বীজ রোপণ করেছেন। আশা করছেন, প্রায় চার লাখ টাকার বীজ আলু পাবেন। তাঁর খরচ হয়েছে দেড় লাখ টাকার মতো। বিএডিসির উদ্যান উন্নয়নকেন্দ্রের যুগ্ম পরিচালক সরদার মো. সালাউদ্দিন বলেন, মুনজুর হোসেন রাজশাহীতে প্রথম টিস্যু কালচার পদ্ধতিতে বীজ আলুর উত্পাদন পদ্ধতি প্রবর্তন করেন। তিনিই কৃষক পর্যায়ে ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন। তাঁর সহযোগিতা নিয়ে পরে তাঁরা ২০০৪ সালে রাজশাহীতে গবেষণাগার করেন। বিএডিসির রাজশাহীর উপপরিচালক (আলুর বীজ) প্রদীপ চন্দ্র দে বলেন, মুনজুর হোসেন অনেক কৃষকের মধ্যে এ প্রযুক্তি ছড়িয়ে দিয়েছেন। বিএডিসি এ বছর এক হাজার মে. টন বীজ আলু উত্পাদনে সমর্থ রাখে।সিডস পোটেটো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, ২০১০ সালের মধ্যে তারা কৃষকদের জন্য কৃষক কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করবে। কৃষক নিজেদের কোল্ড স্টোরেজে নিজেরাই আলু রাখবেন।