পদ্মা সেতু নির্মাণে অর্থ সংগ্রহের জন্য দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হিসাব দুটির মধ্যে একটি হবে দেশীয় মুদ্রার এবং অন্যটি বৈদেশিক মুদ্রার।সচিবালয়ে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে মন্ত্রিসভার সদস্যরা তাঁদের এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এদিকে, গতকালই অর্থমন্ত্রী আরেকটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় আরও বাড়বে। কাজ শুরু করতে দেরি হচ্ছে বলে এ ব্যয় বাড়বে। পদ্মা সেতুর অর্থায়ন ও বাস্তবায়নের জন্য নতুন একটি অর্থায়ন কাঠামো (ফাইন্যান্সিং স্ট্রাকচার) প্রণয়ন করা হবে বলেও অর্থমন্ত্রী জানান। মন্ত্রিসভার বৈঠক: গতকাল বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানুষের মধ্যে স্বেচ্ছায় অর্থ দেওয়ার ব্যাপারে সাড়া পাওয়ায় প্রধানমন্ত্রী আনন্দিত। একটি হিসাব খোলা হবে আগ্রহী বাংলাদেশিদের দেশীয় মুদ্রায় অর্থ দেওয়ার জন্য। অন্যটি খোলা হবে প্রবাসীদের জন্য। এ দুটি হিসাব কীভাবে পরিচালিত হবে, তার পদ্ধতি ও নীতিমালা চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, যাঁরা স্বেচ্ছায় পদ্মা সেতুতে অর্থায়ন বা নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান, তাঁদের অর্থই এ হিসাব দুটিতে নেওয়া হবে। এ জন্য কাউকে চাপ দেওয়া হবে না। যেকোনো শ্রেণী বা পেশার মানুষ এ হিসাবে অর্থ জমা দেওয়ার সুযোগ পাবেন।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপিত ‘ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১২’-এর খসড়া ভূমি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আরও সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয়। পরে তা আবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।নতুন অর্থায়ন কাঠামো: সচিবালয়ে গতকাল সফররত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট কানাইও এফ. নোয়ানজের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পদ্মা সেতু নিয়ে কথা বলেন। এ সময় তিনি নতুন অর্থায়ন কাঠামো ও ব্যাংক হিসাব খোলার এ তথ্য জানান। এর পটভূমিও ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘পরশু দিন সিলেট সফরকালে সিলেটের পাঠানটুলি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী বরাবর ২৫ হাজার টাকার একটি চেক দিয়েছেন। আমি আর কী করব! এই টাকা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিই। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়। এই টাকা একেবারেই স্বতঃস্ফূর্তভাবে দেওয়া টাকা।’ অর্থমন্ত্রী বলেন, হিসাব খোলার পর সরকারের পক্ষ থেকে অর্থ প্রদানের আহ্বান জানানো হবে। প্রধানমন্ত্রী এই আহ্বান জানাবেন। তবে প্রধানমন্ত্রীর আহ্বান জানানোর আগেই যে অবস্থা! তবে এটা ঠিক, এই টাকা বাজেটের মাধ্যমে খরচ করা হবে। অর্থায়ন কাঠামো চূড়ান্ত করার পর সংবাদ সম্মেলন করে তা জানানো হবে বলেও জানান তিনি। দেশীয় অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘মোটেই তা নয়। এতে সরকারের শেয়ার রয়েছে ৬০ কোটি ডলার। দাতাগোষ্ঠীর সঙ্গেও আলোচনা চলছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। আলোচনা চলছে বিশ্বব্যাংকের সঙ্গেও। বিশ্বব্যাংকে বাংলাদেশের যে প্রতিনিধি রয়েছেন, ৩ জুলাই তিনি তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।’ চুক্তি বাতিলের ব্যাখ্যা চাইবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করায় বাংলাদেশ সংক্ষুব্ধ হয়েছে। একটি সার্বভৌম দেশ হিসেবে চুক্তি বাতিলের কারণ ও প্রক্রিয়া সম্পর্কে বিশ্বব্যাংকের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত না হওয়ায় এর ফলে বাংলাদেশের ভাবমূর্তির ওপর কোনো প্রভাব পড়বে না। তা ছাড়া একটি প্রকল্পে মতবিরোধের কারণে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। জাপানের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের (জাপানকে) বলেছি, তাদের সহযোগিতা পেলে আমাদের ওপর চাপ কমবে।’ সংগঠনের আহ্বায়ক ফরিদ হোসেন ও সদস্যসচিব সুকুমার সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।