অনুপ চেটিয়াকে নিতে ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। এ বৈঠকের আগে বাংলাদেশের কারাগারে থাকা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে দিল্লির কাছে হস্তান্তর করা হচ্ছে না।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনুপ চেটিয়াকে বাংলাদেশের কাছ থেকে গ্রহণের জন্য নয়াদিল্লি থেকে একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে। তবে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে প্রতিনিধিদলের ঢাকায় আসার সম্ভাবনা নেই। এর আগে গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিংয়ের বরাত দিয়ে সে দেশের গণমাধ্যম জানিয়েছিল, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ১৫ জুলাই কিংবা তার আগে ভারতের কাছে হস্তান্তর করা হবে।কিন্তু গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের জন্য কাগজপত্র তৈরির ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে গতকাল পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। গতকাল দুপুরে একই কথা জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষও। তবে নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেছেন, অনুপ চেটিয়াকে বাংলাদেশের কাছ থেকে গ্রহণের জন্য একটি প্রতিনিধিদল ঢাকায় যাবে। ঢাকা থেকে দিল্লিতে নেওয়ার পর আসামে বিচারাধীন মামলার আসামি হিসেবে তাঁকে প্রথমে কারাগারে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়ায় মুক্ত করে অনুপ চেটিয়াকে তাঁর সহকর্মীদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের চলমান শান্তি আলোচনায় যোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, অনুপ চেটিয়াকে দিল্লিতে নেওয়ার সময় উলফার শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশ ভারতের রাজধানীতে অবস্থান করবে।শান্তি আলোচনায় উলফার প্রতিনিধিত্বকারী একজন নেতা প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধিকে বলেছেন, অনুপ চেটিয়া ফিরে গেলেই তাঁরা শান্তি আলোচনার পরবর্তী (সপ্তম দফা) বৈঠক করবেন। সপ্তম বৈঠকে ভারত সরকারের সঙ্গে তাঁদের শান্তি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। ওই নেতা দাবি করেন, চুক্তির খসড়ার প্রায়ই চূড়ান্ত হয়ে গেছে। আবেদন আর ফেরানোর প্রস্তুতি: বাংলাদেশের কারাগারে প্রায় ১৬ বছর ধরে বন্দী অনুপ চেটিয়া নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ জানিয়ে গত মে মাসে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন জানান। তখন তিনি রাজশাহী কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ তাঁর আবেদনটি গত ১৩ মে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এর পরপরই অনুপ চেটিয়াকে ফেরত নিতে উলফার পক্ষ থেকেও ভারত সরকারের কাছে দাবি জানানো হয়। শান্তি আলোচনায় প্রতিনিধিত্বকারী উলফার একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধিকে জানান, তাঁদের দাবির মুখে গত ২৬ জুন অনুষ্ঠিত ষষ্ঠ দফা শান্তি আলোচনা শেষে অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। সে অনুযায়ী দিল্লিতে শান্তি আলোচনার দুই দিন পর অর্থাৎ গত ২৮ জুন অনুপ চেটিয়াকে তাঁর দুই সহচর লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাসহ রাজশাহী কারাগার থেকে ঢাকার অদূরে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এখন তিনি সেখানেই আছেন। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দুই সহচরসহ অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে অবস্থান, বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। এসব মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এর পর থেকে তাঁকে কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।