অনুপ চেটিয়াকে পেতে ভারতের ভূমিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ চেটিয়াকে নিজেদের হেফাজতে পেতে ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভূমিবিনিময় করছে বলে দাবি করেছেন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া।পরেশ বড়ুয়া অজ্ঞাত অবস্থান থেকে গত বুধবার ই-মেইলে এক বিবৃতিতে এই দাবি করেন। পরদিন বৃহস্পতিবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়।উলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হন। সেই থেকে এখনো তিনি বাংলাদেশের কারাগারে আছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পরেশ বড়ুয়া আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সমালোচনা করে বলেন, ‘ভারত খুব ভালো করেই জানে যে ভূমিবিনিময়ের এই চুক্তির ফলে আসামের মানচিত্র পাল্টে যাবে। বিষয়টা তরুণ গগৈর ভালো করেই জানা আছে। কিন্তু এর বিরোধিতা না করে তিনি ওই চুক্তি সই দেখতে মনমোহনের সঙ্গী হচ্ছেন।’আসামের মুখ্যমন্ত্রীকে ভূমিবিনিময়ের এই ‘ষড়যন্ত্রের’ অংশ না হতে আহ্বান জানান পরেশ বড়ুয়া।বাংলাদেশ-ভারত সীমান্ত সীমানা চিহ্নিতকরণ মানচিত্র সই শুরুর এক মাসের মধ্যে এই অভিযোগ তুললেন ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৬ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছেন। এই সফরে ছিটমহল ও অপদখলীয় ভূমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিতকরণের বিষয়ে চুক্তি সইয়ের কথা রয়েছে।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পরেশ বড়ুয়া বলেছেন, অনুপ চেটিয়াকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে হস্তান্তর করছে বাংলাদেশ। এর বিনিময়ে বাংলাদেশকে সন্তুষ্ট করতে সীমানায় ভূমিবিনিময় করছে ভারত।৩ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের কারাগারে আটক অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৯ সালের শেষ দিকে সংগঠনটির চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়াসহ বেশ কয়েকজন নেতাকে বাংলাদেশ থেকে আটক করে ভারতে হস্তান্তর করা হয়। কিছুদিন পর তাঁরা সবাই জামিনে মুক্তি পেয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন। তাঁরা নয়াদিল্লিতে কয়েক দফা বৈঠকও করেছেন।সর্বশেষ গত বৃহস্পতিবার উলফার দুই সদস্যের প্রতিনিধিদল নয়াদিল্লি গেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য। (সূত্র: এক্সপ্রেস ইন্ডিয়া ডট কম) উলফার সামরিক শাখার প্রধান (কমান্ডার ইন চিফ) পরেশ বড়ুয়া শুরু থেকে শান্তি আলোচনার বিপক্ষে। তিনি বাংলাদেশে ২০০৪ সালে চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ২৬ জুন এই মামলার সম্পূরক অভিযোগপত্রে তাঁকে আসামি করা হয়।