অনুপ চেটিয়াকে ফেরত দিতে আইনি প্রক্রিয়া শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে ফেরত দিতে বাংলাদেশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। আজ বুধবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির ৫০তম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ সফরের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম অনানুষ্ঠানিক এক প্রস্তাবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর কথা বলেন। বাংলাদেশের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ শতাধিক অপরাধীকে ফেরত দিতে বলা হয়েছিল। পক্ষান্তরে অনুপ চেটিয়াসহ ৬০ অপরাধীকে ফেরত পাঠানোর জন্য ভারতের পক্ষ থেকে বলা হয়।আইনি প্রক্রিয়া-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার সাংবাদিকদের বলেন, অনুপ চেটিয়ার শাস্তির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তাঁর নিরাপত্তার প্রসঙ্গ তুলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আদালতে একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর নিরাপত্তার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে জেলে রাখার নির্দেশ দেন। স্বরাষ্ট্রসচিব আরও বলেন, এখন অনুপ চেটিয়ার পক্ষ থেকে ওই আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করা হতে পারে। অথবা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে ওই আদেশ রহিত করার উদ্যোগ নেওয়া হতে পারে। তাঁর দাবি, এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক তাতে অনুপ চেটিয়ার নিরাপত্তার বিষয়ে কোনো সমস্যা হবে না।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই উলফা নেতা অনুপ চেটিয়াকে নয়াদিল্লি ফেরত চেয়েছে বলে গতকাল মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা পিটিআই সংবাদ প্রকাশ করে।প্রসঙ্গত, উলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়াকে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, অবৈধ মুদ্রা রাখা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে ‘ফরেনার্স ও পাসপোর্ট’ আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি কারাদণ্ড ভোগ করেন। সাজার মেয়াদ শেষ হলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া যাচ্ছে না।